সিলেট বণিক সমিতির ৫০ বছর পূর্তিতে দুদিনের অনুষ্ঠান
সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট শিল্প ও বণিক সমিতির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ২২ ও ২৩ ফেব্রুয়ারি টানা দুদিন অনুষ্ঠান করার ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে সমিতির ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন করে ওই ঘোষণা দেন সিলেট শিল্প ও বণিক সমিতির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ।
সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ১৯৬৬ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল সিলেট শিল্প ও বণিক সমিতি। এর সদস্য সংখ্যা এখন প্রায় চার হাজার। প্রথম দিন ২২ ফেব্রুয়ারি সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা করা হবে অনুষ্ঠানের। নগরের আরামবাগ এলাকায় একটি কনভেনশন সেন্টারে ৫০ বছর পূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই দিন সংগঠনের সাবেক সভাপতিদেরও সম্মাননা দেওয়া হবে। সমাপনী দিন সিলেটসহ দেশ-বিদেশে ব্যবসার পরিবেশ এবং ব্যবসার প্রসারবিষয়ক সেমিনার হবে। এতে প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতাসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিলেট শিল্প ও বণিক সমিতির ৫০ বছর পূর্তি উদ্যাপনে দুদিনের এ অনুষ্ঠান সামনে রেখে ২০১৬ সালের পুরো এক বছর ব্যবসা-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়, সেমিনার, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল। এসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুদিনব্যাপী অনুষ্ঠান হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী ও ৫০ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহ্বায়ক খন্দকার শিপার আহমদ বক্তব্য দেন।