সিলেট বিভাগীয় বৃক্ষমেলা শুরু
ধীরে ধীরে বিলুপ্ত হয়ে তলানিতে ঠেকেছে কিংবা বিলুপ্তির পথে রয়েছে—এমন নানা প্রজাতির চারা মিলছে এবারের সিলেট বিভাগীয় বৃক্ষমেলায়। গতকাল সোমবার থেকে নগরের কিনব্রিজ এলাকায় পক্ষকালব্যাপী এই মেলা শুরু হয়েছে।
মেলায় দেশি-বিদেশি হাজারো প্রজাতির চারা পাওয়া যাচ্ছে। প্রথম দিনেই এসব চারা সংগ্রহে ক্রেতাদেরও ছিল দারুণ আগ্রহ।
সিলেট অঞ্চলে চাষাবাদের উপযোগী শত শত প্রজাতির চারা মিলছে মেলায়। এর মধ্যে কমলা ও লেবুজাতীয় চারার আধিক্যই বেশি। একেকটি চারার দাম ১০ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। বনজ, ফলদ ও ঔষধি—এই তিন ধরনের গাছের চারার প্রতিই ক্রেতাদের সমান আগ্রহ।
বিক্রেতারা জানান, প্রথম দিন ক্রেতাদের আগ্রহের তালিকায় ছিল পান বিলাস, হরীতকী, তুঁতফল, গোলাপ জাম, কাজুবাদাম, লটকন, পিচফল, পরশবাস, ইপিলইপিল, আমরুট, লুকলুকি, নিম, বাতাবি লেবু, চালতা, সাতকরা, কমলা, স্ট্রবেরি, পেয়ারা, কামিনী, শতমূল, টুনিমানকিনি, তেলসুর, আহন, বেরা কাঁটা লেবু, করমচা, মাল্টা, আম ব্লাকবেড, জারা লেবু, কাজি পেয়ারা, কাঁটা লেবু ও থাই জলপাই।
মেলায় স্টল দিয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার লিমন নার্সারি। এটির স্বত্বাধিকারী মো. আবদুর রব (৩৪) জানান, দাদার আমল থেকে উত্তরাধিকারসূত্রে তিনি নার্সারি করে আসছেন। এই পেশায় তাঁর ২৫ বছর অতিক্রান্ত হয়েছে। তাঁর দোকানে প্রায় ৩০০ প্রজাতির চারা রয়েছে। এর মধ্যে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী লেবুর প্রজাতিই রয়েছে অন্তত ৩০ থেকে ৩৫টি।
মেলা উপলক্ষে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও বন ও পরিবেশপ্রেমীরা অংশ নেন। শোভাযাত্রাটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা। চলবে ১৭ আগস্ট পর্যন্ত।