সিলেট বিভাগে এক বছরে এইডসে ২৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের চার জেলায় এইচআইভি ভাইরাস ও এইডস রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮১০ জন। তাঁদের মধ্যে গত এক বছরে মারা গেছেন ২৪ জন।
আন্তর্জাতিক এইডস ক্যান্ডেল লাইট মেমোরিয়াল ডে উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তারা এ তথ্য দেন।
এইচআইভি ভাইরাসে আক্রান্ত ও এইডস রোগীদের নিয়ে বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটি কাজ করছে। এই সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে গতকাল সন্ধ্যায় মেমোরিয়াল দিবস উদ্যাপন করা হয়। এ দিবসের প্রতিপাদ্য ছিল ‘এইডস মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’।
আশার আলো সোসাইটি সিলেট বিভাগীয় সমন্বয়ক মো. সুমন মিয়া বলেন, এপ্রিল ২০১৭ পর্যন্ত সিলেট বিভাগে ৮১০ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যাঁদের শরীরে এইচআইভি ভাইরাস রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩২০ জন। গত বছরের মে মাস থেকে এ বছর ১ মে পর্যন্ত ২৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৯ জন, নারী ৩ জন ও ২টি শিশু।
স্মরণসভায় আরও বক্তব্য দেন আশার আলো সোসাইটির সিলেটের কাউন্সিলর মো. আবদুর রহমান, চিকিৎসা কর্মকর্তা নাজমুন নাহার খান, মাঠ কাউন্সিলর রিনা ধর, নাজমা ফেরদৌসী, মাঠ কর্মকর্তা মঞ্জু ভূষণ দাশ প্রমুখ।
তাঁরা বলেন, এইচআইভি ভাইরাস ও এইডস নির্মূল করতে শুধু সচেতনতা নয়, আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। আক্রান্ত ব্যক্তিদের অপবাদ ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মৃত রোগীদের আত্মীয়স্বজন ও আক্রান্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আক্রান্ত ব্যক্তিরা বঞ্চনা ও সামাজিক বৈষম্যের কথা তুলে ধরে সবার সহযোগিতা চান। সভার শুরুতে মৃত ব্যক্তিদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সভা শেষ হয়।