সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় একদিনে নতুন আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

গতকাল সোমবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ১১ জন এবং সিলেটের ২ জন আছেন।

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ১০০ জনের মধ্যে হবিগঞ্জের ৪৮ জন, সুনামগঞ্জের ২৬ জন, সিলেটের ১৪ জন ও মৌলভীবাজারের ১২ জন। আক্রান্তদের মধ্যে তিনজন মারা গেছেন। তাদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।