সিলেট বিভাগে জামায়াতের ঢিলেঢালা হরতাল
সিলেট বিভাগে ও যশোরের মনিরামপুর উপজেলায় গতকাল রোববার জামায়াতের ডাকা আধা বেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে ১৭ মার্চ ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর মুক্তির দাবিতে গত বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিশ্বনাথে পুলিশ-জামায়াত সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গোলাম রব্বানী নিহত হন। পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে অভিযোগ এনে রোববার আবার হরতাল ডাকে জামায়াত।সিলেট বিভাগের চার জেলায় গতকাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়। কোনো কোনো এলাকায় বিচ্ছিন্নভাবে জামায়াত-শিবিরের কিছু নেতা-কর্মীকে পিকেটিং করতে দেখা গেছে। মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে গত শুক্রবার গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে অনিছুর রহমান (২২) নামে এক যুবক নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে জেলা জামায়াত মনিরামপুরে রোববার আধা বেলা হরতাল ডাকে।গতকাল হরতাল চলাকালে যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা, বেগারিতলা, গোপালপুরসহ বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। চিনাটোলা বাজারে একটি মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটাররা। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকেটারদের ধাওয়া দিলে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বাকোশপোল এলাকায় আরেকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।