সিলেট বিভাগে জামায়াতের হরতাল আজ
সিলেট নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে সিলেট বিভাগের চার জেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াত। গত রোববার ঢাকার উত্তরা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) একটি দল জুবায়েরকে আটক করে। জামায়াতের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে জামায়াত ওই দিন বিক্ষোভের পর গতকাল মঙ্গলবারের মধ্যে তাঁর মুক্তি দাবি করে। অন্যথায় ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের পরপরই জামায়াত সিলেট বিভাগের চারটি জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেয়। পুলিশ সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি সিলেটে জামায়াত-শিবিরসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের বিক্ষোভ মিছিল থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এহসানুল মাহবুব জুবায়েরকে প্রধান আসামি করে দুটি মামলা করে। এ মামলায় জুবায়েরকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম প্রথম আলোকে জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে জুবায়েরকে মুক্তি না দেওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (আজ) সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। হরতালের সমর্থনে গতকাল বিকেলে তাঁরা নগরে বিক্ষোভ সমাবেশ করেছেন।