সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত ৪২১ জনের
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে গতকাল রোববার সিলেট বিভাগের আরও ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২১ জন।
আজ সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। তিনি বলেন, নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে সুনামগঞ্জের ৬ জন ও হবিগঞ্জের ২ জন। এর আগে একই দিন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত পরীক্ষাগারে সিলেট জেলার ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। সে হিসাবে ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
সিলেট বিভাগে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটের ১৫৪ জন, হবিগঞ্জের ১৩১ জন, সুনামগঞ্জের ৭৫ জন ও মৌলভীবাজারের ৬১ জন। সুস্থ হয়েছেন ৯২ জন। আক্রান্তদের মধ্যে সাতজন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।