সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৪১৬ জন। এর মধ্যে গত মাসে করোনায় মারা গেছেন ৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৪ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৯৬৫ জনের। এর মধ্যে গত মাসে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬১ জন। আজ শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৭৪ জনের মধ্যে সিলেট জেলার ৬১ জন, সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জের ৪ জন ও মৌলভীবাজার জেলার ৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন রয়েছেন। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৮২ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৩২ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ৫১৪ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৫৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১৮ জন, সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজার জেলায় মারা গেছেন ৩০ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১৯ জন, সুনামগঞ্জ জেলায় ২, হবিগঞ্জ জেলায় ১০ ও মৌলভীবাজার জেলায় ২৪ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়া তথ্যগুলো নিশ্চিত করে করোনা সংক্রমণ রোধে জনসাধারণকে সরকারি বিধিনিষেধ মেনে চলা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানান।