সিলেট বিভাগের চার জেলায় একযোগে সিএনজি-পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চাঁদা না পেয়ে নগরের একটি সিএনজি-পেট্রলপাম্পে এক ছাত্রলীগ নেতা হামলা করেন। এ ঘটনায় মামলা করার পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় ফিলিং স্টেশন কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এ ধর্মঘট ডাকে।সংগঠন সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর রাতে নগরের শিবগঞ্জে সুরমা সিএনজি স্টেশনে চাঁদার দাবিতে হামলা হয়। জেলা ছাত্রলীগের সহসভাপতি পরিচয় দিয়ে সেলিম চৌধুরী সঙ্গীদের নিয়ে এ হামলা করেন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ দুই দিন পরও আসামি গ্রেপ্তার করতে পারেনি। এ অবস্থায় ৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে আসামি গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়। এ সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকে ধর্মঘট শুরু হয়। নগরের প্রায় অর্ধশতাধিকসহ সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের সব কটি সিএনজি ফিলিং স্টেশনসহ-পেট্রলপাম্প বন্ধ থাকায় গাড়িগুলো পাম্প এলাকায় অবস্থান করছে। কোনো কোনো যানবাহনে অধিক ভাড়াও নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন। ধর্মঘট অব্যাহত থাকলে সিলেট বিভাগে গাড়ি চলাচলও কমে যাওয়ার আশঙ্কা করছেন গাড়িচালকেরা।সংগঠনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট অব্যাহত থাকবে জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি চাঁদাবাজদের গ্রেপ্তার করা। এ নিয়ে কেউ আলাপ-আলোচনায়ও আসেনি। তাই ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।’ চাঁদা না দেওয়ায় ৫ সেপ্টেম্বর রাতে সিলেট নগরের শিবগঞ্জে সুরমা সিএনজি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রল ভরে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সেলিম চৌধুরী। এ সময় তাঁর কাছে টাকা চাইলে তিনি উল্টো মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সেলিম তাঁর সঙ্গীদের নিয়ে হামলা চালিয়ে পেট্রলপাম্পে ব্যাপক ভাঙচুর করে চলে যান। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের নেতা সেলিম চৌধুরীসহ তাঁর সঙ্গী পিনাক ও সাদ আলীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৬-১৭ জনকে আসামি করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের নাম ব্যবহার করা হয়েছে দাবি করে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান বলেন, ‘এটা অবশ্যই নিন্দনীয় একটি কাজ। যে বা যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক, আমরা প্রতিবাদ জানাই।’ একটি চক্রের এমন কর্মকাণ্ডে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ব্যাপারে তাঁরা জরুরি বৈঠক করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবেন বলে জানান ফরহাদ। অ্যাসোসিয়েশনের নিন্দা: সিলেটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের হাতে সোপর্দ করার দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে, তা না-হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।