>

এবারও সিলেট বোর্ডের চারটি জেলার মধ্যে সিলেট জেলার শিক্ষার্থীরা সেরা স্থান দখল করে রেখেছে। গড় পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই জেলার শিক্ষার্থীরা সবার ওপরে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ বেড়েছে দ্বিগুণেরও বেশি। পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫-এর দিক থেকে মেয়েরা এগিয়ে। গতকাল বৃহস্পতিবার ফল প্রকাশিত হয়।
বোর্ডের চারটি জেলার মধ্যে সিলেট জেলার শিক্ষার্থীরা সেরা স্থান দখল করে রেখেছে। গড় পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই জেলার শিক্ষার্থীরা ভালো করেছে।
জেলাভিত্তিক ফলাফলে পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা।
গত বছর সারা জেলায় যেখানে ৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৫৫-তে। এবার মোট ৫ হাজার ২৯৯ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে। এবার গড় পাসের হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ, গত বছর ছিল ৯৩ দশমিক ৫৯ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামছুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি জিপিএ-৫ বাড়ানোর কৌশল হিসেবে পুরো পাঠ্যবইকে ভালোভাবে আয়ত্ত করার পরামর্শ এবার শ্রেণি শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এ কারণেই এবার ফলাফলে ইতিবাচক প্রভাব পড়েছে।’
বোর্ড ফলাফল শাখা সূত্রে জানা গেছে, এবার জেএসসির মোট ১ লাখ ৩০ হাজার ৭০৩ জন পরীক্ষার মধ্যে পাস করেছে ১ লাখ ২২ হাজার ৩৪ জন। এর মধ্যে ছেলে ৫৩ হাজার ২৪৮ জন এবং মেয়ে ৬৮ হাজার ৭৮৬ জন। এবার ২৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থী পাস করেছে। গতবারের চেয়ে এবার শতভাগ শিক্ষার্থী বেশি পাস করেছে ২৭টি প্রতিষ্ঠানে। অন্যদিকে গতবারের ধারাবাহিকতায় এবারও কেউ পাস করেনি এমন কোনো প্রতিষ্ঠান নেই।

একই সূত্রে জানা গেছে, পরীক্ষায় মোট ৫৬ হাজার ৯৩০ জন ছেলে এবং ৭৩ হাজার ৭৭৩ জন মেয়ে অংশ নিয়েছিল। গড় পাসের হারের দিক দিয়ে ছেলে ৯৩ দশমিক ৫৩ শতাংশ এবং মেয়ে ৯৩ দশমিক ২৪ শতাংশ পাস করেছে। পাসের হারের দিক দিয়ে মেয়েরা কিছুটা পিছিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে। ৫ হাজার ৭৯৮ জন মেয়ে ও ৪ হাজার ৪৫৭ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।
গত বছরের মতো এবারও বোর্ডের চারটি জেলার মধ্যে সিলেট জেলার শিক্ষার্থীরা সেরা স্থান দখল করে রেখেছে। গড় পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই জেলার শিক্ষার্থীরা সবার ওপরে রয়েছে। এ জেলায় গড় পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ। এ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৮৯ জন। জেলায় ৪৭ হাজার ৮৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৫ হাজার ৩৯৯ জন।
জেলাভিত্তিক ফলাফলে পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ জেলায় গড় পাসের হার ৯৩ দশমিক ০৮ শতাংশ। তবে বোর্ডের চার জেলার মধ্যে এ জেলা থেকেই সবচেয়ে কমসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ এসেছে। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী। জেলা থেকে ২৮ হাজার ৬০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬ হাজার ৬২০ জন। পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া উভয় ভিত্তিতেই হবিগঞ্জ জেলা তৃতীয় অবস্থানে। এ জেলায় গড় পাসের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭২ জন শিক্ষার্থী। জেলা থেকে ২৫ হাজার ২০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৩ হাজার ৩৭৮ জন। পাসের হারের দিক থেকে চতুর্থ এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মৌলভীবাজার জেলা। জেলায় গড় পাসের হার ৯১ দশমিক ৮০ শতাংশ। এ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১২৬ জন। জেলায় মোট ২৯ হাজার ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬ হাজার ৬৩৭ জন।
শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘বেশ কয়েক বছর আগে সুনামগঞ্জ জেলার হাওর অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলো ফল খারাপ করত। অবশ্য এখন সে অবস্থার উন্নতি ঘটেছে। তবে বোর্ডের চারটি জেলার মধ্যে তুলনামূলক বিচারে মৌলভীবাজার জেলা এখনো পিছিয়ে রয়েছে। চা-বাগান অধ্যুষিত হওয়ার কারণে এমনটা হয়েছে কি না সেটি খতিয়ে দেখে তা থেকে উত্তরণে আমরা ব্যবস্থা নেব।’