সিলেট বোর্ডে এবার পরীক্ষার্থী বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ১৯৫ জন। আজ রোববার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় ৫৮ হাজার ৬৭১ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ২৬ হাজার সাত জন ও ছাত্রী ৩২ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ৪৯ হাজার ২১২ জন নিয়মিত এবং নয় হাজার ৪৪১ জন অনিয়মিত। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৪৭৬ জন।বৃদ্ধি করা হয়েছে ২৮টি নতুন পরীক্ষা কেন্দ্র। বোর্ড সূত্র জানায়, সিলেট বিভাগের সর্বোচ্চ পরীক্ষার্থী সিলেট জেলায়। এ জেলায় মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৪১ জন। মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ৭৬১ জন, সুনামগঞ্জে ১১ হাজার ৫৪ জন এবং হবিগঞ্জে ১০ হাজার ৮১৫ জন পরীক্ষা দিচ্ছে।সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান প্রথম আলোকে জানান, পরীক্ষা তদারকির লক্ষ্যে চারটি পরিদর্শক দল গঠন করেছে সিলেট শিক্ষা বোর্ড। বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে থাকবে আরও ৬১টি পরিদর্শক দল। এ ছাড়া জেলা, উপজেলা প্রশাসনে কর্মরত শীর্ষ কর্মকর্তা, নির্বাহী হাকিমও পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করবেন।