সিলেট বোর্ডে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এবার এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৫৭ শতাংশ। ২০১৩ সালে পাসের হার ছিল ৯১ দশমিক ১৫ শতাংশ। কিন্তু গত বছর ৫ হাজার ৭৪৮ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৪ হাজার ১০ জন।
এবার জিপিএ-৫ কম পাওয়া প্রসঙ্গে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান বলেন, ‘দুটি কারণে মূলত জিপিএ-৫ কমেছে। প্রথমত, এবার প্রথমবারের মতো সৃজনশীল প্রশ্নে গণিত বিষয়ের পরীক্ষা হয়েছে। দ্বিতীয়ত, গত বছর অকৃতকার্য হওয়া যেসব শিক্ষার্থী চলতি বছর পাস করেছে, তাদের ফলাফলও গড় হিসাবে ধরায় জিপিএ-৫-এর পরিমাণ কমেছে। কারণ, গতবারের অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এবার পাস করলেও তাদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কম। এতে গড় পাসের হার বাড়ে। মোট হিসাবে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বাড়ে না।’
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার জেএসসি পরীক্ষায় ১ লাখ ১১ হাজার ২১০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৮ এবং ছাত্রী ৬২ হাজার ২০২ জন। পাস করেছে ১ লাখ ৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে ছাত্র ৪৮ হাজার ২৬০ ও ছাত্রী ৬১ হাজার ২২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১০ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৮১০ ও ছাত্রী ২ হাজার ১৩০ জন। এবার ১৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
জেলাভিত্তিক ফলাফলে শীর্ষে সিলেট: শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে শীর্ষে রয়েছে সিলেট। এই জেলায় ৩৯ হাজার ৯৯০ জনের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৩০৬ জন। পাসের হার ৯৩ দশমিক ২৯ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯১৮ জন। এর পরেই রয়েছে হবিগঞ্জ। এখান থেকে ২১ হাজার ৫৬৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ১৪ জন। পাসের হার ৯২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৩ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে মৌলভীবাজার। এই জেলায় ২৪ হাজার ৬১৫ জনের মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৭ জন। পাসের হার ৮৯ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৯৮ জন।
চতুর্থ স্থানে রয়েছে সুনামগঞ্জ। এই জেলার ২৩ হাজার ৩১৪ জনের মধ্যে পাস করেছে ২০ হাজার ৮৪৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৮১ জন। সিলেট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কবীর আহমদ বলেন, ‘হাওর ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বোর্ডের চার জেলার মধ্যে সুনামগঞ্জের ফল কিছুটা খারাপ।’
বোর্ডের সেরা ২০টি বিদ্যালয়ের ৯টি সিলেটের: বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের ৯টিই সিলেট জেলায় অবস্থিত। বাকি ১১টির মধ্যে পাঁচটি হবিগঞ্জ, পাঁচটি মৌলভীবাজার এবং একটি সুনামগঞ্জে অবস্থিত।
বোর্ডসেরা ২০ প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে রয়েছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ২০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫২ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় অবস্থানে থাকা সিলেট সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়ের ২৫২ জনের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন। চতুর্থ অবস্থানে রয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের ২৫০ জনের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন।
এ ছাড়া ষষ্ঠ স্থানে রয়েছে সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম স্কলার্সহোম, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল অষ্টম, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ১৩তম ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ১৭তম অবস্থানে রয়েছে।