এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে সবার চেয়ে পিছিয়ে হবিগঞ্জ জেলা। এ জেলায় জিপিএ-৫ পাওয়ার দিক থেকে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছে। জেলার ৪ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী পাস করতে পারেনি। ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। ফলাফলে এগিয়ে সিলেট জেলা।
হবিগঞ্জ জেলা থেকে এবারের পরীক্ষায় ১৮ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ১৩ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ২১৯ জন ছাত্র ও ১৪৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। হবিগঞ্জের পাসের হার ৭৬.০২। সিলেট জেলায় পাসের হার ৮৪.৩১।
সুনামগঞ্জ থেকে ২০ হাজার ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১৬ হাজার ৩৫৪ জন। তাদের মধ্যে ১৩২ জন ছাত্র ও ১১৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। সুনামগঞ্জে গড় পাসের হার ৮১ দশমিক ৩৮।
মৌলভীবাজার জেলায় ২০ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১৫ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ২৮৩ ছাত্র ও ৩১০ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। জেলায় গড় পাসের হার ৭৬ দশমিক ১২।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় বোর্ডের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ।
এবার ফলাফল খারাপ হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘গণিতে ফেল করায় এবার পাসের হার কমেছে। এ ছাড়া শারীরিক শিক্ষা ও আইসিটি বিষয়েও খারাপ করেছে শিক্ষার্থীরা। সিলেটের ৪ জেলার ৮১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৩৭।