সিলেট সিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী সর্দার শামসুল হক ওরফে শাহিন সর্দারের (৪০) লাশের ময়নাতদন্ত প্রতিবেদন গতকাল মঙ্গলবার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যবসায়ীর মরদেহে আত্মহত্যার আলামত পাওয়ায় ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে।সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ফজল ময়নাতদন্ত প্রতিবেদন হস্তগত হওয়া এবং এতে আত্মহত্যার আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়েও পরিবারের কোনো প্রশ্ন থাকলে পুলিশ আত্মহত্যার কারণ খতিয়ে দেখার মাধ্যমে তদন্ত অব্যাহত রাখবে বলে তিনি জানান। পুলিশ সূত্র জানায়, নগরের জালালাবাদ আবাসিক এলাকায় নিজ বাসা থেকে গত বৃহস্পতিবার ব্যবসায়ী শাহিন সর্দারের মরদেহ উদ্ধার করা হয়।এ সময় পরিবার থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশকে জানানো হলেও পরে আবার এ নিয়ে প্রশ্ন ওঠে। পরিবারের সদস্যরা দাবি করেন, পরিকল্পিতভাবে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ব্যবসায়ীর মরদেহে বিভিন্ন জখমের চিহ্ন পাওয়ায় এবং পুলিশের সুরতহাল প্রতিবেদনে জখমের চিহ্ন উল্লেখ থাকায় হত্যা না আত্মহত্যা—এ প্রশ্নের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক শামসুল ইসলাম ও আবদুল হাই মিনারের পর্যবেক্ষণে প্রস্তুত করা ময়নাতদন্ত গতকাল বিকেলে বিমানবন্দর থানায় প্রেরণ করা হয়।ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ গলায় ফাঁস লাগানো উল্লেখ করে শরীরের বিভিন্ন স্থানে জখম থাকা প্রসঙ্গে বলা হয়, ফাঁস লাগানো অবস্থায় অস্বাভাবিক পরিস্থিতির কারণে শরীরে জখম দেখা দিতে পারে। পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পরিবারের দাবি প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ফজল প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। এ কারণে আগে দায়ের করা অপমৃত্যুর মামলাটিই এখন কার্যকর থাকবে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো প্রশ্ন থাকায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।