সিলেট-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবি
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পর এবার আন্দোলনে নেমেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারী জনপ্রতিনিধিরা। গতকাল সোমবার সকালে নগরের একটি রেস্তোরাঁয় তাঁরা সংবাদ সম্মেলন করেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমার নেতৃত্বে ইউনিয়ন পরিষদের ১৫ জন নারী সদস্য সংবাদ সম্মেলনে একাত্ম হন। এ সময় তাঁরা টানা দুই মাসের কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত পাঁচ বছর ধরে সড়কটি সংস্কারহীন অবস্থায় রয়েছে। দেশের বৃহত্তম পাথর কোয়ারি ভোলাগঞ্জ হওয়ার পরও সড়ক সংস্কারে জন্য বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও পেশাজীবী সংগঠন আন্দোলন কর্মসূচি পালন করেছে। গত বছর মে মাসে যোগাযোগমন্ত্রী ভোলাগঞ্জ গিয়ে সড়ককে ‘ক্যানসার আক্রান্ত’ বলে মন্তব্য করে অচিরেই সংস্কার করা হবে বলে আশ্বাস দেন। কিন্তু এর পরও সেটি সংস্কার হয়নি। এ অবস্থায় নারী জনপ্রতিনিধিরা সড়ক সংস্কার আন্দোলন শুরু করেন।
সংবাদ সম্মেলনে তাঁদের সঙ্গে ছিলেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।