সিলেট-ভোলাগঞ্জ সড়কে সংস্কার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক সড়ক নিয়ে সংবাদ প্রকাশের পর জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু হয়েছে। গত সোমবার প্রথম আলোয় ‘সড়ক-মহাসড়কের করুণ দশা, দুর্ভোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক সড়কের নাজুক অংশে শ্রমিকেরা বালু-মাটি-ইট-পাথর ফেলে সংস্কারকাজ করছেন। কর্মরত শ্রমিকেরা জানান, সোমবার সকাল থেকে এ কাজ শুরু হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, এভাবে মাটি-বালু-ইট ফেলে জোড়াতালি দিয়ে সংস্কারকাজ না চালিয়ে সড়কটি পুরোপুরিভাবে মেরামত করা উচিত। না হয় সামান্য বৃষ্টিতে আবারও সড়কটি যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়বে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘যেকোনো সড়কের জরুরি সংস্কারকাজ আমাদের নিয়মিত তদারকিতে পড়ে। এর অংশ হিসেবে সিলেট-ভোলাগঞ্জ সড়কে সংস্কার করা হচ্ছে।’