লোকবল সংকটের কারণে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নিজস্ব ভবন ও পরিবহন সুবিধার অভাবে নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি পুলিশ সদস্যরা যথাযথ আবাসন, খাবার ও চিকিৎসাসেবা কোনোটাই প্রয়োজনমাফিক পাচ্ছেন না। অনেকটাই জোড়াতালি দিয়ে চলছে মহানগর পুলিশের কার্যক্রম। মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, স্থায়ী ইউনিট ঘোষিত না হওয়ার কারণে এসএমপিতে পদোন্নতির কোনো সুবিধা নেই। ফলে পুলিশের কর্মকর্তা ও সাধারণ সদস্যরা এখানে যোগদান করেই বদলি হয়ে চলে যেতে চেষ্টা চালান।নেই নিজস্ব ভূমি: প্রতিষ্ঠার পাঁচ বছরেও এসএমপির নিজস্ব কোনো ভূমি হয়নি। প্রতিষ্ঠাকালীন সময়ে নগরের নাইওরপুল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৮৫ দশমিক ৯৪ শতাংশ জমিতে এসএমপির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়। এ জায়গাটি পুলিশ বিভাগের নামে অধিগ্রহণ করার লক্ষ্যে অনাপত্তিপত্র গ্রহণ করার পূর্ণাঙ্গ প্রস্তাব পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র সংগ্রহের জন্য বারবার তাগিদ দেওয়া হলেও এখন পর্যন্ত পুলিশ অনাপত্তিপত্র সংগ্রহ করতে পারেনি।পরিবহন সুবিধার অভাব: আসামি আনা-নেওয়ার জন্য কোনো প্রিজনার্স ভ্যান নেই। এ ক্ষেত্রে আসামিদের জেলে কিংবা কোর্টে ভাড়া করা অটোরিকশা কিংবা টেম্পোতে করে পাঠাতে হয়। যা নিরাপত্তার জন্য অনেকটাই হুমকিস্বরূপ। প্রয়োজনের তুলনায় যানবাহন কম থাকায় দিন-রাত টহল দেওয়ার কাজে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক গাড়ি রিকুইজেশন করতে হয়।আবাসন সমস্যা: আবাসন সুবিধা না থাকায় বাধ্য হয়ে ভাড়া বাসাতে থাকতে হচ্ছে পুলিশ সদস্যদের। এ ছাড়া খোদ পুলিশ কমিশনার যে বাসায় থাকেন সেটির অবস্থাও জরাজীর্ণ। ১৯৮৮ সালে নির্মিত ওই বাসাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। জানা গেছে, এসএমপির নিজস্ব জায়গা না থাকায় নগরের রিকাবীবাজার এলাকায় জেলা পুলিশের আওতাধীন আরআরএফের একটি আবাসিক ভবনে অস্থায়ীভাবে পুলিশ সদস্যরা থাকছেন। এখানে অবকাঠামো অনুযায়ী ১৭০ জন থাকার কথা থাকলেও রয়েছেন ৪৬০ জন। সরেজমিনে দেখা গেছে, একটি সিঙ্গেল বিছানায় গাদাগাদি অবস্থায় দুজন করে পালাক্রমে ঘুমাচ্ছেন। কনস্টেবল সাকিব হোসেন বলেন, ‘একজন ডিউটিতে থাকলে আরেকজন এই বিছানায় ঘুমাচ্ছেন। কারও নামে নির্দিষ্ট কোনো সিট বরাদ্দ নেই। যেখানে যে সময় খালি থাকে, সেখানেই আরেকজন ঘুমান। সচরাচর সিনিয়ররা রুমে থাকলে জুনিয়ররা বারান্দার মেঝেতে ঘুমান।’ এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা জানান, সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মহানগর পুলিশের আবাসনের দুরবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করে ৪৫ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করেছেন। লোকবল সংকট: মোট এক হাজার ৪৮৮টি পদের বিপরীতে শূন্যপদ রয়েছে ২৯৪টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ এএসপি (এসি) ২১টি পদের বিপরীতে চারজন, পরিদর্শক (নিরস্ত্র) ২৯টি পদের বিপরীতে ১৯ জন, পরিদর্শক (সশস্ত্র) নয়টি পদের বিপরীতে দুজন (একজন আবার মিশনে রয়েছেন), উপপরিদর্শক (নিরস্ত্র) পুরুষ ১১২টি পদের বিপরীতে ৭৫ জন এবং উপপরিদর্শক মহিলা নয়টি পদের বিপরীতে দুজন কর্মরত রয়েছেন। তবে টিএসআই চারটি পদের সবকটি পদ বর্তমানে শূন্য রয়েছে। ‘নামেই হাসপাতাল!’: পুলিশের চিকিৎসাসেবার জন্য যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসক, সেবিকাসহ মুঞ্জরিকৃত পদের সংখ্যা ৭৬টি। এর মধ্যে ৪৫ জন কর্মরত রয়েছেন। এই হাসপাতালে ছয়জন চিকিৎসক কর্মরত থাকলেও চারজন মিশনে থাকায় দুজন চিকিৎসক দিয়েই চলছে চিকিৎসাসেবা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কনস্টেবল বলেন, ‘নামেই কেবল হাসপাতাল! সেবার কোনো বালাই নেই।’ পুলিশ কমিশনারের বক্তব্য: সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বিভিন্ন সমস্যার কারণে পুলিশের সার্বিক কার্যক্রমে প্রভাব পড়ছে বলে স্বীকার করেছেন। তিনি প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেন, ‘কম লোকবল দ্বারা এসএমপি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। পাশাপাশি নিজস্ব জায়গা না থাকায় প্রশাসনিক ও আবাসন ভবন কোনোটাই নির্মাণ করা সম্ভব হচ্ছে না।’