সিলেট-লন্ডন ফ্লাইট চালুর দাবিতে ‘রাস্তায় শোয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুর। মাথার ওপর প্রখর রোদ। রাস্তার এক পাশে কাপড় বিছিয়ে রোদের মধ্যে শুয়ে পড়েন সবাই। এভাবেই থাকেন ১০ মিনিট। পুরো সময়ে সংগঠনের প্রধান শুয়ে শুয়েই বক্তব্য দেন তাঁদের দাবির পক্ষে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালুর দাবিতে গতকাল বুধবার দুপুরে সিলেট নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’ এ কর্মসূচি পালন করে। সংগঠন সূত্র জানায়, সিলেট প্রবাসী-অধ্যুষিত। অথচ সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু না হওয়ায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা। গতকাল দুপুরে ‘রাস্তায় শোয়া’ কর্মসূচির শুরুতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের আন্তর্জাতিকমানের বিমান ছাড়া ও অবতরণের দাবি মাইকযোগে প্রচার করা হয়। এ সময় বলা হয়, কুয়াশার অজুহাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইট বন্ধ করা হয়েছিল। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর লন্ডন থেকে সিলেট সরাসরি বিমানের যাত্রা শুরু হয়। সিলেটে ওই ফ্লাইট পুনরায় চালুর আনুষ্ঠানিকতায় অর্থমন্ত্রী, বিমান ও পর্যটনমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন আগামী তিন মাসের মধ্যে সিলেট বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও বিমানের জন্য জ্বালানির ব্যবস্থা করে সিলেট থেকে লন্ডনের সরাসরি ফ্লাইট চালু করা হবে। এ আশ্বাসের নয় মাস অতিবাহিত হলেও সিলেট থেকে লন্ডনের সরাসরি বিমান ফ্লাইট চালু হয়নি। তাই গতকাল ওই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। রাস্তায় শোয়া অবস্থায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. হাসান তালুকদার, শাহ মো. আবদুল মালিক, মো. আজিজুর রহমান প্রমুখ। গতকালের কর্মসূচি পালন শেষে ঘোষণা করা হয়, ১ জুলাই সিলেট বিমান কার্যালয় ঘেরাও শেষে নগরের ১০০টি স্থানে ধারাবাহিকভাবে অবস্থান কর্মসূচি পালন করা হবে। গতকালের কর্মসূচি পালন শেষে এহছানুল হক প্রথম আলোকে জানান, তাঁরা সাংগঠনিকভাবে গত প্রায় এক মাস ধরে এ দাবিতে নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো নজর না দেওয়ায় গতকাল ১০ মিনিট রাস্তায় শুয়ে সমাবেশ করেন। এতেও দাবি আদায় না হলে আগামী মাস থেকে নতুন কর্মসূচি পালন করা হবে।