সিলেট শিক্ষা বোর্ড পাসে সবচেয়ে এগিয়ে, কমেছে জিপিএ-৫

সিলেট শিক্ষা বোর্ড পাসের হারের দিক দিয়ে অন্যান্য বোর্ডের চেয়ে এগিয়ে থাকলেও কমেছে জিপিএ-৫। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা পাঁচ বছরের মধ্যে এবার সর্বনিম্ন। জিপিএ-৫ পেয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা গত বছরের প্রায় অর্ধেক।
পরীক্ষায় অংশগ্রহণ ও পাসের হারে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা এগিয়ে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা মাত্র আট। অবশ্য পাসের হার শূন্য এমন শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
গতকাল রোববার প্রকাশিত সিলেট শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। জিপিএ-৫ কমলেও দেশসেরা ফলাফল সিলেটে হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা নিয়ন্ত্রক প্রথম আলোকে বলেন, ‘সমন্বিত ফলাফল হয়েছে। আমরা সন্তুষ্ট।’
পাঁচ বছরের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ সর্বনিম্ন। ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৫৩৫ জন। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭০ জন। এরপর প্রতিবছরই তা কমেছে। ২০১৫ ও ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিলেন যথাক্রমে ১ হাজার ৩৫৬ ও ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী। এবার গত বছরের তুলনায় তা প্রায় অর্ধেকে (৭০০ জন) নেমে এসেছে। তবে গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৯ শতাংশ। এবার এ হার ৩ দশমিক ৪১ শতাংশ বেড়ে হয়েছে ৭২ শতাংশ।
পাসের হারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে, পিছিয়ে মানবিকের শিক্ষার্থীরা। এ বছর ৬৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৬ হাজার ৭৯৭ জন। পাসের হার ৭২ শতাংশ। বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছেন ১০ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পাস করেছেন ৮৩ দশমিক ৪৭ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ১১ হাজার ২৩৮ জন পরীক্ষা দিয়ে ৭৭ দশমিক ৩৭ শতাংশ এবং মানবিকে ৪৩ হাজার ২৮৪ জন পরীক্ষা দিয়ে ৬৭ দশমিক ৮২ শতাংশ পাস করেছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ২৯ হাজার ৮৭৮ জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২১ হাজার ৩০ জন। ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩৯ শতাংশ। ৩৫ হাজার ১২২ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৫ হাজার ৭৬৭ জন। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৩৬ শতাংশ। এ বোর্ডে ৪৫৫ জন ছেলে ও ২৪৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন। বিজ্ঞান বিভাগের সবচেয়ে বেশি অর্থাৎ ৬০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। এ দুই বিভাগে জিপিএ-৫ পেয়েছেন যথাক্রমে ৭০ ও ২৬ জন শিক্ষার্থী।
মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৬০৭ জনই সিলেট জেলার। এর পরের অবস্থানে রয়েছেন মৌলভীবাজারের শিক্ষার্থীরা। এ জেলা থেকে ৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা থেকে মাত্র ১০ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলাতেই ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ ও পাসের হারে এগিয়ে। লক্ষণীয় বিষয় হচ্ছে, ২০১১ সাল থেকে প্রতিবছরই এ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।
সিলেট বোর্ডে শতভাগ পাসের কলেজের সংখ্যাও ২০১৬ সালে ছিল ৫টি, ২০১৫ সালে ১৩টি, ২০১৪ সালে ১০টি ও ২০১৩ সালে ছিল ৮টি।
জেলায় এগিয়ে সিলেট
শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে এগিয়ে রয়েছে সিলেট জেলা। আর পাসের হারের দিক দিয়ে পিছিয়ে রয়েছে মৌলভীবাজার। তবে জিপিএ-৫-এর সংখ্যায় সিলেটের পরেই রয়েছে মৌলভীবাজারের অবস্থান। জিপিএ-৫-এর দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে আছে হবিগঞ্জ ও সুনামগঞ্জ।
সিলেটে অংশ নেওয়া ২৬ হাজার ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২০ হাজার ৫ জন। পাসের হার ৭৬ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ৬০৭।
মৌলভীবাজার জেলায় ১৪ হাজার ২৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৯ হাজার ৪০৭ জন। পাসের হার ৬৫ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন। সুনামগঞ্জের ১১ হাজার ৮২৬ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৮ হাজার ৬৬৯ জন। পাসের হার ৭৩ দশমিক ৩০। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। হবিগঞ্জের ১৩ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেন ৮ হাজার ৭১৬ জন। পাসের হার ৬৯ দশমিক ১৩। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।