সিলেট শিক্ষায় পিছিয়ে রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো এখনো একটি সমস্যা। বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত অনেক শিশুই মূলত দারিদ্র্যের কারণে বিদ্যালয়ের বাইরে রয়ে গেছে।
গত শনিবার সকালে নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে শিক্ষাবিকাশমূলক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে এবং বিশ্বব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সিলেট শিক্ষাক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে উল্লেখ করে সভায় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ অঞ্চলের দুর্গম জনপদগুলোর শিশুদের অনেকেই এখনো শিক্ষার বাইরে রয়ে গেছে। এ ছাড়া যেসব শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের ঝরে পড়ার হারও উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফআইভিডির নির্বাহী পরিচালক যেহীন আহমদ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই বিশ্বব্যাংকের প্রকাশিত ‘বাংলাদেশে শিক্ষা সেক্টর নিয়ে প্রণীত পর্যালোচনামূলক প্রতিবেদন’-এর সারসংক্ষেপ উপস্থাপন এবং শিক্ষার সার্বিক মান উন্নয়নে নানা সুপারিশের ভিত্তিতে আলোচনা করা হয়। এ পর্বে বক্তৃতা করেন শিক্ষাবিদ মঞ্জুর আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক আবদুর রহমান ও স্কলার্সহোম সিলেটের অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকী।