সিলেট সদর বিএনপির কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন বেশ কিছু নেতা-কর্মী। গতকাল সোমবার নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে বিলুপ্ত কমিটির নেতারা তৃণমূলের নেতা-কর্মীদের নামে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
সদ্য বিলুপ্ত সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে এম তারেক কালাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিবিশেষের ফায়দা হাসিল করতে বিএনপির রাজনীতির সঙ্গে যাঁদের সংশ্লিষ্টতা নেই, তাঁদের কমিটিতে পদ দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির কাউন্সিল সামনে রেখে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিনকে সিলেটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তিনি তৃণমূলের মতামত অগ্রাহ্য করে পকেট কমিটি ঘোষণা করেছেন। এ জন্য শমসের মবিনকে সিলেটের দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সহসভাপতি সোনা মিয়া, যুগ্ম সম্পাদক সরওয়ার আহমদ, সদর উপজেলার বিলুপ্ত কমিটির সভাপতি শহীদ আহমদ, সহসভাপতি কলমদর আলী প্রমুখ বক্তব্য দেন।
মেয়রের আশ্বাস: সংবাদ সম্মেলন শেষে সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত হন। নেতা-কর্মীদের কঠোর কোনো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি আজ ঢাকায় যাচ্ছি, বিষয়টি নিয়ে আলাপ করব। আশা করছি, একটি সুন্দর সমাধান নিয়ে আসব।’
ঝাড়ু উঁচিয়ে বিক্ষোভ: সিলেটে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর গঠন করা সদর বিএনপির কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রতিবাদে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেছে বিএনপির একটি অংশ। গত রোববার বিকেলে নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর ছবি রাস্তায় ফেলে ঝাড়ু উঁচিয়ে বিক্ষোভ করা হয়। ‘তৃণমূল বিএনপি’ ব্যানারে এ বিক্ষোভ হয়। মিছিলের ব্যানারে ‘সিলেট বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হস্তক্ষেপ চাই’ লেখা ছিল। স্লোগান দেওয়া হয়—‘সদর উপজেলার নতুন পকেট কমিটি মানি না, মানব না, সিলেট বিএনপির দায়িত্ব থেকে শমসের মবিনের প্রত্যাহার চাই।’
বিএনপি সূত্র জানায়, সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে এম ইলিয়াস আলী ২০০৯ সালে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন করেন। চার বছর পর গত বৃহস্পতিবার সেই কমিটি ভেঙে দিয়ে কেন্দ্র থেকে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ইলিয়াস অনুসারী কোনো নেতা স্থান পাননি। এ নিয়ে সদর বিএনপিতে ক্ষোভ দেখা দিলে গত শুক্রবার এক দফা বিক্ষোভ হয়।