সিলেট সদর সেক্টরের ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় সিলেট সদর সেক্টরের ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সিলেট ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ তে গতকাল সোমবার এ অভিযোগ গঠন করা হয়।আদালত সূত্র জানায়, গতকাল সকাল আটটায় আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমে মামলার কৌঁসুলি সিলেট সদর সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আওরঙ্গজেব ৬১ জনের বিরুদ্ধে অভিযোগের বর্ণনা দেন। পরে আদালতের সভাপতি বিডিআর সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) এস এম ফরহাদ আসামিদের প্রত্যেকের আছে আলাদা করে জানতে চান তাঁরা দোষী না নির্দোষ। ২৮ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালতের সভাপতি অভিযোগ গঠন করেন।এরপর নির্দোষ দাবিদার ৩৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৫২ জন সাক্ষীর মধ্যে গতকাল মামলার বাদী সুবেদার আবদুল গনি, কর্নেল আফজালুর রহমান, মেজর মোস্তফা কামাল ও বিডিআরের সহকারী পরিচালক মকসুদ আলী সাক্ষ্য দেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় আবার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।বিচারক প্যানেলের সদস্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মো. মকসুদুল হক। বিচার কার্যক্রমে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।