সিলেট সদরের মামলায় অভিযোগ গঠন ২৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর সেক্টরে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ আগামী ২৭ ডিসেম্বর ধার্য করা হয়েছে। সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এ গতকাল বৃহস্পতিবার এই তারিখ ধার্য করা হয়।এদিকে জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলার বিচারকাজ আগামী ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। সিলেটে বিশেষ আদালত-১৪ এ গতকাল সকাল আটটায় বিচার কার্যক্রমের শুরু হয়। আদালতের সভাপতি বিডিআর কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ উপস্থিত আসামিদের কাছে জানতে চান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের অনুলিপি তাঁরা পেয়েছেন কি না। আসামিরা ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান মামলার কৌঁসুলি সিলেট সেক্টরের অধিনায়ক মেজর আওরঙ্গজেব। তিনি বলেন, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে সিলেট সদর সেক্টরের সুবেদার সিগন্যাল আক্তারুজ্জামানের নেতৃত্বে বৈধ কর্তৃপক্ষের আদেশ অমান্য করে অভিযুক্ত জওয়ানরা বিদ্রোহে অংশ নেন। তাঁদের এমন হিংস্র আচরণের কারণে সেদিন সেক্টর অধিনায়ক পালিয়ে যেতে বাধ্য হন। বিদ্রোহী জওয়ানরা অধিনায়কের বাসার তালা ভেঙে লুটপাট চালান।এর পর বিশেষ আদালতের সভাপতি আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে আটটায় মামলার অভিযোগ গঠন, আসামিদের আত্মপক্ষ সমর্থন ও সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এ-সংক্রান্ত আদেশে তিনি বলেন, ‘২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের সময় আসামিরা যে চেহারায় বা যে হালতে ছিলেন, সে অবস্থায় আদালতে হাজির করার জন্য কৌঁসুলিকে বলা হলো।’জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩ এ গতকাল সকাল সোয়া ১০টায় বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে মামলায় অভিযুক্ত ২০ জন বিডিআর সদস্যকে জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ্ আহ্মাদ। আদালতের কৌঁসুলি (প্রসিকিউটর) জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ-আল-মামুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, ‘অভিযুক্তরা ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ হয়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন। অধিনায়কের বাসভবন লক্ষ্য করে গুলি ছোড়েন।’ কিছু সময় বিরতি দিয়ে আদালতের কার্যক্রম আবার শুরু হয়। এ সময় আদালতের সভাপতি অভিযুক্ত বিডিআর সদস্যদের উদ্দেশে বলেন, তাঁরা নিজেরা অথবা বিডিআরের কোনো কর্মকর্তা অথবা আইনজীবীর সহায়তায় আত্মপক্ষ সমর্থন করতে পারবেন। এরপর ২৯ নভেম্বর পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। আসামিদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।