সিলেট সার্কিট হাউসের দুই কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সার্কিট হাউসে প্রধান বিচারপতির অবস্থানের জন্য নির্ধারিত কক্ষসহ দুটি গুরুত্বপূর্ণ (ভিআইপি) কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে দুই দফায় তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিলেট জেলা জজ আদালতের ডিজিটালাইজড সিস্টেম কার্যক্রম উদ্বোধন করতে গত বুধবার সকালে সিলেটে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তাঁদের সফরের মধ্যেই সার্কিট হাউসের দ্বিতীয় তলার ভিআইপি দুটি কক্ষে (শাপলা ২০১ ও ২০২) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবশ্য প্রধান বিচারপতি ও মন্ত্রীদের কেউ তখন সার্কিট হাউসে ছিলেন না। তবে অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি ও মন্ত্রীরা সার্কিট হাউসে গিয়ে দুপুরের খাবার খান।
প্রধান বিচারপতির সফরসঙ্গী ও সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতিসহ তিন মন্ত্রী বুধবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সিলেট যান। সকাল ১০টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ও মন্ত্রীদের বহনকারী হেলিকপ্টারটি বিমানবন্দরে নামে। সফরসূচি অনুসারে বেলা পৌনে ১১টার দিকে প্রধান বিচারপতির সার্কিট হাউসে যাওয়ার কথা ছিল। কিন্তু দেরি হয়ে যাওয়ায় প্রধান বিচারপতিসহ মন্ত্রীরা সরাসরি অনুষ্ঠানস্থলে চলে যান। এরই মধ্যে বেলা ১১টার দিকে সার্কিট হাউসে আগুন লাগার কথা জানা যায়। সাব্বির ফয়েজ আরও বলেন, সার্কিট হাউসের ভিআইপি-১ কক্ষটি প্রধান বিচারপতির জন্য বরাদ্দ রাখা ছিল। প্রধান বিচারপতির ব্যক্তিগত সচিব ও অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে এটি নিশ্চিত করেছেন।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি ছিল দুর্ঘটনা। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সার্কিট হাউসের পুড়ে যাওয়া কক্ষ দুটো ভিআইপি। এগুলো কারও নামে বরাদ্দ থাকে না। ভিআইপিদের সিলেট সফর থাকলে এগুলো প্রস্তুত রাখা হয়। কক্ষ দুটোর এসির সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এরপরও এটি নিছক দুর্ঘটনা, নাকি পেছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ তিনি জানান, তিন কার্যদিবসে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।
সার্কিট হাউস সূত্র জানায়, সকাল ১০টা থেকে ভিআইপি কক্ষ দুটির শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু ছিল। ১০টা ৫০ মিনিটে হঠাৎ শব্দ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নেভায়। আগুনে দুটো কক্ষের সব আসবাবপত্র পুড়ে যায়। সিলেটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক রফিকুল ইসলাম বলেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।