সিলেট সিটি করপোরেশনে আগাম নির্বাচনী প্রচারণা!
সিলেট নগরের পাড়া-মহল্লা এক সপ্তাহ ধরে ঈদুল আজহা ও পূজার শুভেচ্ছা-সংবলিত পোস্টার-ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে। এসবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোটও চাওয়া হয়েছে। এটা অনেকটা সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের আগাম প্রচারণা। যদিও সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হবে আগামী বছরের আগস্ট মাসে। সরেজমিনে দেখা গেছে, নগরের ২৭টি ওয়ার্ডে পোস্টার-ব্যানার সাঁটিয়ে কয়ে শ প্রার্থী আগামী সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এসব প্রার্থীর কর্মী-সমর্থকেরা ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে দাঁড়িয়ে চার রঙের পোস্টার ও প্রচারপত্র পর্যন্ত বিলিও করছেন। বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, গত কয়েক দিনে নগরে ঈদ ও পূজার শুভেচ্ছা-সংবলিত কয়েক শ তোরণ নির্মিত হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল হাসান লোদী কয়েস বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয় বিএনপি-সমর্থিত প্রার্থীদের কাছ থেকে। যেহেতু গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণায় নেমেছেন, তাই সব দলের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরাও উৎসাহী হয়ে প্রচারণা চালাচ্ছেন।’ আগামী সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য একাধিক মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী জানান, আগামী নির্বাচনের আগে ঈদুল আজহা ও দুর্গাপূজা বড় ধর্মীয় উৎসব। তাই সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালানোর সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না। তাঁরা আরও জানান, প্রার্থীরা নিজেদের সামাজিক অবস্থান জানান দিতেই আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তাঁরা পোস্টার-ফেস্টুন সাঁটানোর পাশাপাশি সুদৃশ্য তোরণও নির্মাণ করে নিজেদের পরিচিতি তৈরি করছেন। এতে করে ভবিষ্যতে ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া আরও সহজ হবে বলে সম্ভাব্য প্রার্থীরা মনে করছেন। লামাবাজার এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়া বলেন, ‘নির্বাচন আসতে আরও আট-নয় মাস বাকি। কিন্তু সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় দেখে মনে হচ্ছে, চলতি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে আমার নতুন রং করা দেয়াল। মনে হচ্ছে, কোনো অসভ্য দেশে বাস করছি।’ গতকাল বুধবার সকালে হিন্দু সম্প্রদায়ের একাধিক ব্যক্তি জানান, একাধিক সম্ভাব্য প্রার্থী মন্দিরগুলোতে গিয়ে ভোটারদের আশীর্বাদ চেয়ে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় ওই প্রার্থীরা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ভোটারদের জানিয়েছেন। প্রায় অভিন্ন কথা জানিয়েছেন বিভিন্ন এলাকার আরও কয়েকজন বাসিন্দা। তাঁরা জানান, ইতিমধ্যে বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ এবং সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। অতি উৎসাহী প্রার্থীরা বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও ভোটারদের দোয়া চাইছেন।সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘সম্ভাব্য প্রার্থীদের এ ধরনের আগাম তৎপরতা আইনপরিপন্থী। কোনো বিবেকবান মানুষ এ ধরনের কাজ করতে পারেন না। নগরের দেয়ালগুলোতে পোস্টার সাঁটিয়ে সৌন্দর্যহানি ঘটানো, রাস্তা খুঁড়ে তোরণ নির্মাণ—এটা কোনোমতেই কাম্য নয়। এটাকে অরুচিকর মানসিকতা বলেই আমি মনে করি।’ কোনো অনুমোদন ছাড়াই নগরের ওয়ার্ডগুলোতে বিলবোর্ড-পোস্টার সাঁটানোর পাশাপাশি তোরণ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঈদ ও পূজা যেহেতু দুটি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব তাই অনেকেই শুভেচ্ছা জানিয়ে এসব কর্মকাণ্ড করছেন। তবে উৎসব শেষে সেগুলো অপসারণ করতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।’