সিলেট সীমান্তে এক বাংলাদেশির পোড়া লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে গত সোমবার শরীর পোড়া অবস্থায় এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এলাকাবাসীর সহায়তায় উদ্ধারকৃত লাশটি তারা জৈন্তাপুর বিজিবি ফাঁড়ির হেফাজতে দিয়েছে। লাশটি উপজেলার ঘিলাতৈল গ্রামের কালা মিয়ার ছেলে আবদুর রহিমের (৪২) বলে শনাক্ত করা হয়েছে।
মৃতের পরিবার ও বিজিবি সূত্রে জানা গেছে, পেশায় কাঠুরিয়া আবদুর রহিম গত সোমবার বিকেলে দুজন সঙ্গীকে নিয়ে কাঠ সংগ্রহ করতে সীমান্ত এলাকায় যান। সীমান্তের ১২৮৬ নম্বর পিলারের (১-এস) অতিক্রম করে তাঁরা ভারতের জৈন্তিয়া হিল ডিস্ট্রিকের মুক্তাপুর হেওয়াই বস্তির কাছে যান। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রহিমের শরীর পুড়ে যায়। গ্রামে ফিরে গিয়ে রহিমের দুই সঙ্গী তাঁর মৃত্যুর খবর জানান। গ্রামবাসী ও রহিমের পরিবারের সহায়তায় বিজিবি লাশ উদ্ধার করে।
জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল করে সোমবার রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।