সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে গুলিতে দেলওয়ার হোসেন (১৮) নামের বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৬২ নম্বর মেইন পিলারের পেন্টা নামক স্থানে খাসিয়ারা তাঁকে গুলি করে হত্যা করে বলে এলাকাবাসী জানিয়েছে। দেলওয়ার গোয়াইনঘাট উপজেলার বগাইয়া মুসলিমপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।

গত রোববার ভারতের ত্রিপুরা রাজ্যে স্থানীয় লোকজনের হাতে তিন বাংলাদেশি নিহত হওয়ার পর আজ এ ঘটনা ঘটল।

যোগাযোগ করা হলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার আমিন প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক জানতে চেয়ে বিএসএফকে (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) পত্র দিয়েছি।’

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সীমান্তের ১২৬২ নম্বর মেইন পিলারের বাংলাদেশ অংশ বিছনাকান্দি ও ভারতীয় অংশ পেন্টা নামে পরিচিত। দেলওয়ার আজ দুপুরে ওই এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। বেলা দেড়টার দিকে তাঁকে লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোড়ে একদল অস্ত্রধারী। দেলওয়ার বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দেলওয়ারের এক আত্মীয় জানান, সীমান্তের ওপার থেকে ভারতীয় খাসিয়ারা গুলি করে। এ ঘটনা বাংলাদেশের ভেতর থেকে অনেক এলাকাবাসী দেখেছেন বলেও ওই আত্মীয় দাবি করেন। পরে তাঁরাই বিজিবির স্থানীয় ফাঁড়িকে অবহিত করে দেলওয়ারের লাশ শনাক্ত করেন।

রাতে বিজিবি ৫ ব্যাটালিয়নের অধিনায়ক শাহরিয়ার আমিন প্রথম আলোকে জানান, ঘটনাস্থলটি দুর্গম। আমরা বিএসএফের মাধ্যমে যোগাযোগ করার পর ভারতীয় পুুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তারা লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে হস্তান্তরের ব্যাপারে আলোচনা করা হবে।