সিলেট সীমান্তে দুজন গুলিবিদ্ধ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী কালাইরাগ এলাকা থেকে গত বুধবার গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধারের পর আরও দুই বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি অবস্থায় পেয়েছে পুলিশ। বুধবার সকালে কালাইরাগ এলাকা থেকে গুলিবিদ্ধ মন্তাজ আলীর (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। পরে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলার নাজিরেরগাঁওয়ের জুয়েল আহমদ ও হাশেম মিয়াকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পায় পুলিশ।বিজিবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল আজম জানান, হতাহত ব্যক্তিরা সুপারি ব্যবসায়ী। ব্যবসায়ীদের মধ্যে কোনো দ্বন্দ্ব থেকে এ হামলা হতে পারে বলে বিএসএফ তাঁদের জানিয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, খবর পেয়ে গুলিবিদ্ধ মন্তাজের লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ দুজনকে পাওয়া যায়। গতকাল সকালে লাশের ময়নাতদন্ত শেষে মন্তাজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।