সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত
সিলেটের ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত দুই দিনে নতুন করে অনেক এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার হাজার হাজার মানুষ। বন্যাকবলিত অনেকে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ফেঞ্চুগঞ্জ: ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি গতকাল বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। উপজেলার ৩৫টি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাকবলিত ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার গয়াসী, ভেলকোনা, মানিককোনা, সুলতানপুর, বাঘমারা, গঙ্গাপুর, লামা গঙ্গাপুর, উত্তর ইসলামপুর, ছত্তিশ, মুহিতপুর খিলপাড়া, পশ্চিম মল্লিকপুর, ইলাশপুর, ছালেহপুর, দীনপুর, পিঠাইটিকর, গুচ্ছগ্রাম, ছালেহপুর, চাঁনপুর, নারায়ণপুর, রোকনপুর, দনারাম, মইনপুর, ভরাউট, বারহাল, কর্মধা, ফরিদপুর, মোমিনপুর, যুধিষ্ঠিপুর, আশিঘর, বাজারঘাট ও রাজনপুর গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। গুড়, চিঁড়া আর শুকনো খাবারই তাদের সঙ্গী।ত্রাণ না পেয়ে ফেঞ্চুগঞ্জ-১ নম্বর ইউনিয়নের গয়াসী গ্রামের হরিজন বিশ্বাস (৯৫) ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, ‘আমরা বাঁচিয়া আছি, না মরি গেছি কেউ খোঁজ নিলা না।’ পিঠাইটিকর গ্রামের জাকির উদ্দীন (৫৫) বলেন, ‘ফানির লাগি কামকাজ নাই। হুরুতার (বাচ্চাদের) মুকর মুকা ছাইতাম পাররাম না। আমরা কিলা বাছতাম।’বন্যায় উপজেলা পরিষদ, টিঅ্যান্ডটি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে উপজেলার সদর রাস্তা। বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ-চাঁনপুর সড়কের ওপর দিয়ে প্রবলবেগে পানি প্রবাহিত হচ্ছে। সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।বালাগঞ্জ: উপজেলার ১৪টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব ইউনিয়নের প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকজন ঘরের ভেতর চৌকিতে অবস্থান নিয়েছে। চিঁড়া-মুড়ি খেয়ে দিনাতিপাত করছে। গৃহপালিত পশুপাখি নিয়ে তারা পড়েছে বিপাকে। কেউ সামান্য উঁচু স্থানে, আবার কেউ ঘরের চালে পশুপাখি রেখেছে।বালাগঞ্জ-তাজপুর, বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ-গোয়ালাবাজার, সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ, বুরুঙ্গা-পশ্চিম সিরাজনগর-মুক্তারপুর, পাঁচপাড়া-কালীবাড়ি বাজার রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। কুশিয়ারা বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১০ কিলোমিটার এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ধান ও সবজি।বন্যায় উপজেলার কাঁচা-পাকা প্রায় সব রাস্তা তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। উপজেলার ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি মাদ্রাসা ও একটি কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।বিয়ানীবাজার: দুই দিন আগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত মঙ্গলবার রাত থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় কুশিয়ারা নদীর পানি বেড়েছে। কুশিয়ারা নদীর পানি গতকাল বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাড়ছে সুনাই নদীর পানিও।সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১৫ দিন ধরে রাস্তাঘাট বিচ্ছিন্ন থাকায় উপজেলার ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। ব্যবসায়ীরা জানান, বন্যার কারণে লোকজন বাজারে আসতে না পারায় বেচাকেনা কমে গেছে।উপজেলার ১৭টি আশ্রয়কেন্দ্রের লোকজন পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে, প্রয়োজনের তুলনায় খুবই কম পরিমাণে ত্রাণ বিতরণ করা হচ্ছে।বিশ্বনাথ: বন্যার পানিতে আটটি ইউনিয়ন নিয়ে গঠিত বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুশিয়ারা নদীর পানিতে ডুবে গেছে ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অসংখ্য ঘরবাড়ি ও রাস্তাঘাট। দশঘর ইউনিয়নের পাঁচ-ছয়টি গ্রামের বাড়িঘরেও পানি। বাসিয়া নদীর পানিতে বিশ্বনাথ সদর ইউনিয়নের সবজিবাজার ও মাছবাজার এলাকায় পানি ওঠার কারণে ব্যবসায়ীদের দুর্ভোগ বেড়ে গেছে।বন্যায় অধিক পরিমাণ ক্ষতিগ্রস্ত দেওকলস ইউনিয়নের গ্রামগুলো হলো দক্ষিণ দেওকলস, মজলিশপুর, কাদিপুর, সমসপুর, জগৎপুর, কান্দিগ্রাম, মৌজপুর, দাউদপুর, উলুপাড়া; দশঘর ইউনিয়নের গুচ্ছগ্রাম, পশ্চিম বরুণী, ছালিয়া, ঘাঘটিয়া ও খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর গ্রাম।দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন বলেন, ‘আমার ইউনিয়নের বেশির ভাগ গ্রামেই পানি রয়েছে। পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। বাড়িঘরে পানি ওঠায় অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। ত্রাণসামগ্রীর জন্য আমি সরকারের কাছে আবেদন করেছি।’জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মোমিনপুরে একটি সেতুর সংযোগ সড়ক পানির তোড়ে ভেঙে গেছে। এতে উপজেলা সদর থেকে জেলা সদরে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জগন্নাথপুর-গোয়ালাবাজার সড়কও প্লাবিত হয়েছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে ওই সড়কে।আশারকান্দি ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ২৫টি গ্রাম নতুন করে প্রাবিত হয়েছে। আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইমানী জানান, জগন্নাথপুর-গোয়ালাবাজার সড়ক প্লাবিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ইউনিয়নের ঐয়ারকোণ, পাটকুড়া, ভুরাইয়া, জয়দা, মিলিক, মিটাভরাং, কাটালখাই, ফেচি, শেওড়াসহ কমপক্ষে ১৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত মানুষ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বন্যাকবলিত এলাকার বিদ্যালয়গুলো।