সিলেট-১ আসনে এবারও প্রার্থী হবেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে এবারও নির্বাচন করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল শনিবার সিলেটে কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর-সদর উপজেলা) আসনে যে দলের প্রার্থী জয়ী হন, সেই দলই সরকার গঠন করে—এ রকম কথা প্রচলিত থাকায় এ আসন রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ মর্যাদার আসন হিসেবে সমাদৃত।
সিলেট এসে অর্থমন্ত্রী গতকাল বেলা আড়াইটার দিকে নগরের রিকাবীবাজারে কবি নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সাংবাদিকেরা তাঁকে নির্বাচনে প্রার্থী হবেন কি না—প্রশ্ন করলে তিনি বলেন, ‘অবশ্যই আমি প্রার্থী হব, নির্বাচন করব। সরকারের বাকি মেয়াদের মধ্যে অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছি। পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছি।’
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, ‘আর মন্ত্রী হব না’ অর্থমন্ত্রীর বিভিন্ন সময়ের এ রকম কথাবার্তায় তাঁর প্রার্থিতার বিষয়টি নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে একধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। অর্থমন্ত্রীর এই ঘোষনার মধ্য দিয়ে এর অবসান হলো বলে করছেন দলের নেতাকর্মীরা।