সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার ও বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউসে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘২০০১ সালে সিলেট-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করি। তবে ওই নির্বাচনে পরাজিত হয়ে দীর্ঘ আট বছর সক্রিয়ভাবে মাঠে কাজ করে সিলেট সদর ও মহানগরে সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার মধ্য দিয়ে ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হই। এ জন্য দলীয় নেতা-কর্মীসহ সিলেটের মানুষের ভালোবাসা আমার বড় সম্পদ।’আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আমি পুনরায় অংশগ্রহণ করব। এ জন্য সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দল ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি জহির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। বৃহস্পতিবারের সভায় সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য দেন। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার আরও চার ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন অর্থমন্ত্রী।