সিলেট-৩ আসনে উপনির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত করার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবরে আইনি নোটিশ পাঠিয়েছেন পাঁচ আইনজীবী। অন্যথায় তাঁরা উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

পাঁচ আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ই–মেইলে আজ রোববার ওই আইনি নোটিশ পাঠান। ২৮ জুলাই ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

ওই উপনির্বাচন অনুষ্ঠান নিয়ে গণমাধ্যমের আসা সিইসির বক্তব্য তুলে ধরে নোটিশে বলা হয়, সিইসি বলেছেন যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে চলমান লকডাউনেও নির্বাচন স্থগিত রাখা সম্ভব নয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফার শর্তানুযায়ী সিলেট উপনির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখ পর্যন্ত। তাই ২৮ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা যাবে না—এই বক্তব্য আইনের সঠিক ব্যাখ্যা নয়।

আরও বলা হয়, নির্বাচন কমিশনের উচিত চলমান করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে লকডাউনের সময় নির্বাচন অনুষ্ঠান আয়োজন না করা এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে অন্য যেকোনো সময় ভোট গ্রহণ নির্ধারণ করা। ৩ লাখ ৫২ হাজার ভোটারের এই নির্বাচন অনুষ্ঠান সরকারের বর্তমান লকডাউন নীতিরও বিরোধী। সুতরাং ২৮ জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।

তাই করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধি বিবেচনায় নিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ আসনের ভোট গ্রহণ স্থগিত করার অনুরোধ জানানো হয় নোটিশে। অন্যথায় নোটিশদাতারা উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশদাতা পাঁচ আইনজীবী হলেন মোহা. মুজাহিদুল ইসলাম, আল-রেজা মো. আমির, জোবায়দুর রহমান, মো. জহিরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।