সিলেট-৩ আসনে ৭ সেপ্টেম্বরের আগে উপনির্বাচন করতে পারবে ইসি: হাইকোর্ট
নির্বাচন কমিশন (ইসি) আগামী ৭ সেপ্টেম্বরের আগে সুবিধাজনক সময়ে সিলেট-৩ আসনের উপনির্বাচন করতে পারবে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ওই নির্বাচনে ২৮ জুলাই ভোট গ্রহণ স্থগিত চেয়ে করা রিট অকার্যকর ঘোষণা করে এই আদেশ দেওয়া হয়।
সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের জন্য ২৮ জুলাই তারিখ ধার্য ছিল। তবে করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে ভোট গ্রহণ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী ও আসনটির সাতজন ভোটার গত ২৬ জুলাই হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে সেদিন হাইকোর্ট উপনির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করে আদেশ দেন। তার ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।
শুনানিতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, হাইকোর্টের আদেশের পর ২৬ জুলাই নির্বাচন কমিশন একটি নোটিফিকেশন দেয়। এতে বলা হয়, হাইকোর্টের দেওয়া আদেশ প্রতিপালনে সিলেট-৩ আসনের উপনির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত নির্বাচন স্থগিত আছে। তবে নির্বাচনের পরবর্তী তারিখ নির্ধারণ হয়নি।
এ সময় আদালত বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন ও সরকারের সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হয়েছিল। সরকার কিছু বিধিনিষেধ শিথিল করবে। সাংবিধানিকভাবে ৭ সেপ্টেম্বরের আগে নির্বাচন শেষ করতে হবে। ২৮ জুলাইয়ের নির্বাচন নিয়ে রিটে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে। বস্তুত রিটটি অকার্যকর হয়ে গেছে।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন যাতে ওই নির্বাচন করতে পারে, সেই নির্দেশনা চাচ্ছি।’
আদালত বলেন, ‘আদালতের আদেশ নির্বাচন কমিশন বাস্তবায়ন করায় ২৮ জুলাই নির্বাচন হয়নি। এ অবস্থায় আবেদনটি অকার্যকর বলে দিচ্ছি। নির্বাচন কমিশন ৭ সেপ্টেম্বরের আগে সুবিধাজনক সময়ে ওই নির্বাচন করতে পারবে।’
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমারও শুনানিতে ছিলেন।
গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। ধার্য সময় অনুযায়ী, এই আসনে ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল।
সিলেট নগরের উপকণ্ঠে অবস্থিত তিন উপজেলা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার এবং কেন্দ্র ১৪৯টি।
উপনির্বাচনে মাঠে থাকা প্রার্থী চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির আতিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া।