সিলেটবাসীর প্রতি টিউলিপের কৃতজ্ঞতা

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সিলেটপ্রবাসীরা সহযোগিতা করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি লেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকী সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরার পথে গতকাল সোমবার সকালে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা টিউলিপ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় টিউলিপ সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে সাংবাদিকদের জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-০০৬ বিমানটি সিলেটে পৌঁছায় সকাল ১০টা ৫ মিনিটের দিকে। টিউলিপ সিদ্দিকীর সঙ্গে তাঁর মা শেখ রেহানা ছিলেন। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে বিমানটি।
যাত্রাবিরতিকালে শেখ রেহানা ও টিউলিপকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।