সিলেটবাসীর বিদ্যুৎ ভোগান্তির এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ই আবার কিতা সমস্যা? বলা নাই, কওয়া নাই, কারেন্ট যে গেছে, আইবারও নাম নাই, অবস্থা খুবই খারাপ...!’ তিক্ততার সুরে কথাগুলো বলেন সিলেট নগরের ভাতালিয়া এলাকার রিয়াজুল আলম। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত একটানা বিদ্যুৎবিভ্রাটে নাকাল হয়ে পড়েন সিলেটের চারটি জেলার বাসিন্দারা। আশুগঞ্জের গ্রিড লাইন ছিঁড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে পিডিবির কর্মকর্তারা জানিয়েছেন। তবে রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।গতকাল দিনভর প্রথম আলো সিলেটের আঞ্চলিক কার্যালয়ে চারটি জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা ফোন করে বিদ্যুৎবিভ্রাটের কারণে অসহনীয় দুর্ভোগ ও ভোগান্তির চিত্র তুলে ধরেছেন। হবিগঞ্জের সোহাগ মিয়া নামের এক ব্যবসায়ী বিদ্যুৎ নিয়ে রীতিমতো হাহাকার অবস্থার কথা জানিয়ে বলেন, ‘গ্রিড লাইনের তার ছিঁড়ে গেছে—তা না হয় বুঝলাম। কিন্তু এটা সারাতে এত সময় কেন লাগবে? মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে মেরামতকাজ একটু তাড়াতাড়ি করলে কি হতো না?’বিভিন্ন জেলার বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় বাসায় পানিও ছিল না। অনেকেই গোসলসহ গৃহস্থালির কাজ করতে পারেননি। মিনারেল ওয়াটার কিনে এনে রান্নাবান্না ও বাথরুমের কাজ সারতে হয়েছে। সিলেট নগরের শেখঘাট এলাকার বাসিন্দা সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, ‘এক দিন বিদ্যুৎ না থাকায়ই হাঁপিয়ে উঠেছি। এমনকি ওই সময়ের জন্য জীবনযাত্রা পর্যন্ত ভেঙে পড়েছে।’ সিলেট নগরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, আশুগঞ্জের বগইর এলাকায় গ্রিড লাইন ছিঁড়ে যাওয়ায় সিলেটসহ পাঁচটি জেলার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যার পর লাইন চালু হলে বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পিডিবির সিলেট কার্যালয়ের প্রধান প্রকৌশলী শাহীনুল হক খান বলেন, ‘গ্রিড লাইনে জোড়া লাগিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।’