সিলেটিরা যুক্তরাজ্যে ভিসা আবেদন করতে নিরুৎসাহিত হচ্ছেন
বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা কার্যক্রম দিল্লিতে স্থানান্তর করায় সিলেটের যেসব আবেদনকারী আগে বহুবার ভ্রমণ ভিসা পেয়ে সময়মতো ফিরে এসেছেন, এমন সব আবেদনকারী নয়াদিল্লিতে আবেদন করার পর ভিসা পাচ্ছেন না। বাংলাদেশ সম্পর্কে অনভিজ্ঞ নয়াদিল্লির ভিসা কর্মকর্তারা যুক্তরাজ্যে অবস্থিত আত্মীয়স্বজনের সঙ্গে আবেদনকারীদের আর্থসামাজিক পারিবারিক দৃঢ় বন্ধনের বিষয়টি অনুধাবন করতে না পারায় এই জটিলতা দেখা দিয়েছে।
প্রবাসীকল্যাণ সংস্থা বাংলাদেশ ওভারসিজ সেন্টারের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় নগরের জিন্দাবাজার এলাকার ওভারসিজ সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব অভিযোগ করেন। ব্রিটিশ ভিসা কার্যক্রম নয়াদিল্লি থেকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ওভারসিজ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের সঞ্চালনে সভা অনুষ্ঠিত হয়। সভায় ওভারসিজ সেন্টারের ট্রাস্টি নুরুল ইসলাম, আইনজীবী মো. আরশ আলী, প্রকৌশলী মহিউদ্দিন আহমদ, আইনজীবী রাজ উদ্দিন আহমদ, প্রবাসী নেতা আজিজুর রহমান, নুরুল ইসলাম, ভানুদয় ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, স্কাইপে ইন্টারভিউ নেওয়ার সময় সিলেটের গ্রামাঞ্চলের সহজ-সরল ভিসা আবেদনকারীরা সিলেটি ভাষায় কথা বলেন। অপর প্রান্তে একজন দোভাষী থাকলেও তিনি পশ্চিমবঙ্গের অ-সিলেটি মানুষ। ফলে তিনি সিলেটি ভাষা ঠিকমতো বোঝেন না। এ কারণে আবেদনকারীরা ভিসা না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে সিলেটিরা যুক্তরাজ্যে ভিসা আবেদন করতে নিরুৎসাহিত হচ্ছেন। অথচ যুক্তরাজ্যে প্রায় ১০ লাখ সিলেটি বসবাস করছেন, যাঁদের সঙ্গে এ অঞ্চলের মানুষের নাড়ির সম্পর্ক রয়েছে।