সিলেটে অগ্নিকাণ্ডে ২০টি কাপড়ের দোকান ভস্মীভূত
সিলেট নগরের জিন্দাবাজারে অগ্নিকাণ্ডে টেইলারিং কারখানাসহ ২০টি কাপড়ের দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার দুপুরে মোত্তালেব ম্যানশনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনসাধারণকে নিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে জিন্দাবাজার এলাকার মোত্তালেব ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশাপাশি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পাশাপাশি কাপড়ের দোকান ও কয়েকটি আসবাবের গুদাম থাকায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়। প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। এ সময় জিন্দাবাজার মূল সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। ব্যবসায়ী জহিরুল কবির জানান, তাঁর দোকানের ৫০ লাখ টাকার মালামালসহ সাতজন ব্যবসায়ীর অন্তত এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক ইরফান আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।