সিলেটে অজ্ঞাতপরিচয় দুটি লাশ উদ্ধার
সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ের একটি বিল এলাকা থেকে গতকাল সোমবার পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে। এ ছাড়া উপজেলার আলকিনগর গ্রাম থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, কান্দিগাঁওয়ের ডালুয়া বিলের পাশের জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ প্রায় ঘণ্টাখানেক ওই এলাকায় অভিযান চালিয়েও মাথার সন্ধান পায়নি।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে খুন করে মাথা নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, লাশের কিছু অংশ আগুনে পোড়া ছিল। মাথা উদ্ধার ও হত্যাকারীদের শনাক্ত করতে কান্দিগাঁওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এদিকে সদর উপজেলার আলকিনগর গ্রামের একটি ডোবা থেকে গত রোববার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।