সিলেটে অটোরিকশা ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। নির্ধারিত ভাড়া কিংবা মিটার পদ্ধতি—কোনোটার প্রচলন নগরে না থাকায় চালকেরা খেয়ালখুশিমতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। যাত্রীরা অনেকটা চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে।যাত্রীদের অভিযোগ, নগরে অটোরিকশার ভাড়া-সম্পর্কিত নীতিমালার প্রয়োগ না থাকার সুযোগ কাজে লাগিয়ে চালকেরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। বেশি ভাড়ার বিষয়ে জানতে চাইলে কোনো কোনো চালক দুর্ব্যবহারও করেন। চালিবন্দর এলাকার গৃহিণী আমেনা বেগম বলেন, দুপুর, গরম, বৃষ্টি, আবহাওয়া খারাপ, রাত—এ ধরনের নানা অজুহাতে সিএনজি অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছে বাড়তি ভাড়া দাবি করেন। দাবি করা টাকা না পেলে চালকেরা যাত্রী পরিবহন করেন না।বাগবাড়ি এলাকার বাসিন্দা হাবিবুর রহমান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, যেখানে যেতে হলে ৬০ টাকার প্রয়োজন, সেখানে অনেক সময় ১০০ টাকায় যেতে হয়। দর দাম করলে চালকেরা আর যেতেই চান না। দিন দিন চালকদের কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়ছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর সিলেট অঞ্চলের একজন কর্মকর্তা জানান, সরকারি নীতিমালা অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রথম কিলোমিটার ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার সাত টাকা নির্ধারিত রয়েছে। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোকাদ্দেস আলী জানান, লালদীঘির পাড় থেকে বাগবাড়ি এলাকা পর্যন্ত ভাড়া দাবি করেন ১০০ থেকে ১২০ টাকা। অথচ এই দূরত্বের ভাড়া ৬০ থেকে ৭০ টাকা হওয়ার কথা। মিটারে অটোরিকশা চলাচল করলে এ ভাড়া আরও কম হবে। একই অভিযোগ শাহীনা বেগম নামের এক স্কুলশিক্ষিকার। তিনি বলেন, নারী যাত্রী দেখলে চালকেরা বেশি ভাড়া দাবি করেন। অথচ না গিয়ে উপায়ও থাকে না।বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি অটোরিকশার চালক ও মালিকেরা স্বীকারও করে নিয়েছেন। তাঁরা জানান, ভাড়া আদায়ের কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় একেক চালক একেক ধরনের ভাড়া আদায় করছেন। দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ভাড়া আগের তুলনায় বেড়েছে। তবে সেটা যাত্রীদের কাছে সহনীয় পর্যায়ে রয়েছে বলে তাঁরা মন্তব্য করেন।সিলেট শহরতলির শেখপাড়া এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক ছাদ মিয়া জানান, গাড়ির দৈনিক জমা ৪০০ টাকা। এ ছাড়া ৪০০ টাকার মতো গ্যাস প্রয়োজন হয়। সকাল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গাড়ি চালানো যায়। সব খরচ বাদ দিয়ে দিনে ২০০ থেকে ৩০০ টাকার মতো আয় হয়।একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সিলেটের সিএনজি অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতাকে পাওয়া যায়নি। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া-সম্পর্কিত নীতিমালা তদারক করার দায়িত্ব বিআরটিএ এবং ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের। গত শুক্রবার বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. আবদুল হান্নানের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার কল করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে গত মাসে তিনি প্রথম আলোকে বলেছিলেন, সিলেটে মিটার পদ্ধতি চালু করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া অটোরিকশার চালকেরা যেন যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করতে না পারেন, সে ব্যাপারে বিআরটিএ কর্তৃপক্ষের কড়া নজরদারি রয়েছে। এ ব্যাপারে সিলেট মহানগরের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিলেটে অটোরিকশায় মিটার পদ্ধতি চালু না থাকায় প্রায় সময় যাত্রীদের সঙ্গে চালকদের ভাড়া নিয়ে বাগিবতণ্ডা হয় বলে শুনেছি। তবে এ নিয়ে যাত্রীদের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মিটারে চলাচল ও ভাড়া নির্ধারণের বিষয়ে সিলেট সিটি করপোরেশন এবং বিআরটিএ কর্তৃপক্ষের আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।’