সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার খাদিমনগরে শাহেনা বেগম নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গত বুধবার মধ্যরাতে সংঘটিত এ ঘটনার পরপরই স্বামী লায়েক আহমদ গা-ঢাকা দেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন এলাকায় তল্লাশি চালিয়ে একটি রক্তমাখা ছোরাসহ লায়েককে ধরে পুলিশে সোপর্দ করে। এর আগে পুলিশ গৃহবধূর শাশুড়ি মালাই বিবিকে (৫৫) গ্রেপ্তার করে। লাশের সুরতহাল প্রতিবেদন ও মামলার এজাহারে শাহেনা বেগম আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। শাহেনার মা তেরাবুন বিবিও তাঁর মেয়ের অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেছেন।এলাকাবাসী ও গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে খাদিমনগর ইউনিয়নের হানাপাড়া গ্রামের মদরিছ আলীর মেয়ে শাহেনা বেগমের সঙ্গে একই গ্রামের এলাইছ মিয়ার ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী লায়েক আহমদের বিয়ে হয়। তাঁদের ছয় ও চার বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি লায়েকের (৩২) আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তিনি শাহেনার (২৮) পরিবারের কাছে যৌতুক দাবি করেন। এ নিয়ে প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া হতো। এতে শাহেনা প্রায় দুই সপ্তাহ আগে বাবার বাড়িতে আশ্রয় নেন। গত বুধবার লায়েকের চাচা মারা গেলে শাহেনা স্বামীর বাড়িতে আসেন। এ সময় প্রতিবেশীরা স্বামী-স্ত্রীর বিরোধ মিটিয়ে দেন। লায়েকের কয়েকজন প্রতিবেশী জানান, ওই দিন রাতে লায়েক ও শাহেনার মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে চিৎকার-শোরগোল শুনে কয়েকজন প্রতিবেশী ওই বাড়িতে গিয়ে দেখেন, শাহেনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরিবারের কেউ এগিয়ে না আসায় প্রতিবেশীরা তাত্ক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে ঘটনাটি রাতেই পুলিশকে জানানো হয়। রাত তিনটার দিকে পুলিশ লায়েকের বাড়িতে যায়। পুলিশ গৃহবধূর শাশুড়ি মালাই বিবিকে পেয়ে থানায় নিয়ে যায়। এ ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। খাদিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বশির আহমদ জানান, যৌতুক না দেওয়ায় লায়েক তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছেন—গতকাল ভোর থেকে এমন খবর গ্রামবাসীর মধ্যে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ গ্রামবাসী দল বেঁধে লায়েককে খুঁজতে থাকে। দিনভর খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে তিনটার দিকে গ্রামবাসী হানাপাড়ার পার্শ্ববর্তী আলাইবহর গ্রামের একটি বাড়িতে লায়েকের খোঁজ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে লায়েককে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে লায়েক, তাঁর মা, বোনসহ ছয়জনের বিরুদ্ধে গৃহবধূর বাবা মদরিছ আলী হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।