সিলেটে অবৈধ পাথর ভাঙা যন্ত্র বন্ধের নির্দেশ
সিলেটের পাঁচটি উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া যেসব অবৈধ পাথর ভাঙার যন্ত্র চলছে, সেগুলো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। বেলার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।
বেলার আবেদনে উল্লেখ করা হয়, সিলেটের পাঁচ উপজেলা—সিলেট সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাটে মোট ৬০৬টি পাথর ভাঙার যন্ত্র চালু আছে। এগুলোর মধ্যে ৩৯৩টি যন্ত্র পরিবেশগত ছাড়পত্র ছাড়াই চালানো হচ্ছে। তথ্য অধিকার আইনের আওতায় করা বেলার এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ নভেম্বর এ তথ্য জানায় সিলেটের পরিবেশ অধিদপ্তর।
শুনানি শেষে আদালত অবিলম্বে পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত পাথর ভাঙার যন্ত্রগুলো বন্ধ করার নির্দেশ দেন। সিলেটের জেলা প্রশাসক, সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ওই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।