সিলেটে অর্থমন্ত্রীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে বক্তারা তখন শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করে বক্তব্য রাখছিলেন। আবেগে আপ্লুত অর্থমন্ত্রী বার কয়েক চোখ মুছলেন। পরে গণসংবর্ধনার জবাবে তিনি বললেন, ‘আমার কোনো শব্দ নেই, আমার কোনো কথা নেই—যা দিয়ে হৃদয়ের অনুভূতি চিত্রায়িত করতে পারব। কবি বা গায়ক হলে হয়তো তা পারতাম।’
স্বাধীনতা পদক অর্জন করার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবারই প্রথম নিজের সংসদীয় এলাকা সিলেটে এলেন। আর তাঁর এই পদকপ্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করেছিল গণসংবর্ধনার। বিকেল সাড়ে চারটায় অর্থমন্ত্রীকে দেওয়া সংবর্ধনার জবাবে তিনি এমন অনুভূতিই ব্যক্ত করলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা, যে বন্ধুতা আপনারা তুলে ধরলেন, তাতে যেকোনো ব্যক্তিই অভিভূত হতে বাধ্য। স্বাভাবিকভাবে আমিও মুগ্ধ এবং অভিভূত। আমি কৃতজ্ঞচিত্তে আপনাদের ভালোবাসা গ্রহণ করলাম। এই আমি যে আমি হয়েছি, সেটা এখানেই, এই সিলেটেই। সিলেটবাসীর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।’
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাংসদ ইমরান আহমদ ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম মোমেন।
সভায় বক্তারা বলেন, কোনো কিছু পাওয়ার আশায় আবুল মাল আবদুল মুহিত কাজ করে যাননি। সস্তা জনপ্রিয়তার বিপরীতে নীরবে-নিভৃতে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে মাথা উঁচু করে পথ চলেছেন।
চার দুষ্কৃতকারী আটক, রামদা উদ্ধার: অর্থমন্ত্রীর সংবর্ধনাস্থলের পাশে জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে থেকে গতকাল বিকেল পাঁচটার দিকে ২৩টি রামদা, সাতটি লোহার রড উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। সংবর্ধনা শেষে অর্থমন্ত্রী চলে যাওয়ার পর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তখন বৃষ্টি শুরু হলে সংঘর্ষ থেমে যায়। একই সময় সেখান থেকে দুটি রামদাসহ চার দুষ্কৃতকারীকে আটক করেছে পুলিশ।