সিলেটে অর্থমন্ত্রীর বাসভবনে হামলার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ দেশের রাজনীতিতে রগকাটা, গুপ্তহত্যা আর সন্ত্রাস-দুর্বৃত্তপনার সংস্কৃতি জামায়াতই চালু করেছে। ১৯৭১ সাল থেকে জামায়াতের এই দুর্বৃত্তপনার শুরু। এখন বেসামাল হয়ে তারা বাসাবাড়িতে হামলা করছে। আওয়ামী লীগ ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করছে। এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটলে সমুচিত জবাব দেওয়া হবে।’ সিলেটে গত বৃহস্পতিবার জামায়াতের কর্মীদের মিছিল থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় ইটপাটকেল নিক্ষেপের প্রতিবাদে গতকাল শনিবার জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিকেলে নগরের কোর্ট পয়েন্টে নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাংসদ জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালিক প্রমুখ। বক্তারা দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার কঠোর সমালোচনা করেন এবং হরতালের নামে আগুনে পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদ জানান। আওয়ামী লীগের নেতারা বলেন, ‘দেশের মানুষের অনুভূতি বিবেচনায় নিয়ে মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র এটা মেনে নিতে পারছে না। তাই তারা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে। এ চক্রান্ত সাধারণ মানুষকে নিয়ে মোকাবিলা করা হবে।’