সিলেটে অল্পের জন্য রক্ষা পেল বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি এয়ারবাস উড্ডয়নের সময় পাখি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এয়ারবাসটি দ্রুত রানওয়েতে থামাতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।প্রায় পাঁচ ঘণ্টা পর ওই ফ্লাইটের যাত্রীদের অন্য উড়োজাহাজে করে ঢাকায় নেওয়া হয়। পরে তাদের লন্ডনে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্র জানায়, সিলেট-দুবাই হয়ে লন্ডনগামী ওই বিমানটি গতকাল ১৬৬ জন যাত্রী নিয়ে যাত্রা করে। বিমানটি রানওয়েতে চলতে শুরু করার পর মাটি ছেড়ে উড্ডয়নের আগ মুহূর্তে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। পাইলট সঙ্গে সঙ্গে বিমানটির গতি কমিয়ে রানওয়েতে থামান।ওই বিমানের একজন কর্মী পরে টেলিফোনে প্রথম আলোকে জানান, আর এক মিনিটের কম সময়ের মধ্যে বিমানটি রানওয়ে ছেড়ে উড্ডয়ন করত। তার আগেই পাইলট টের পাওয়ায় এবং বিমানটি থামাতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। তিনি আরও জানান, পরে পরীক্ষা করে দেখা গেছে, পাখি ঢুকে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে, ইঞ্জিনটি ঠিক করতে কিছুদিন সময় লাগবে।ভোর ছয়টা থেকে বেলা নয়টা পর্যন্ত বিমানটি রানওয়েতে পড়ে ছিল। পরে সেটি সরিয়ে নেওয়া হয়।বিমানবন্দরের স্টেশন ব্যবস্থাপক (রানওয়ে) মোতাহার হোসেন জানান, বিমানটি জরুরিভাবে রানওয়েতে থামানোয় এর বাঁ পাশের চাকা ফেটে যায়। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ জানান, ইঞ্জিনে বাজ পাখির আঘাত লেগেছে বলে প্রকৌশলীরা নিশ্চিত হয়েছেন।