সিলেটে অসহনীয় যানজট দুর্ভোগে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ঈদের বাজার জমে উঠেছে। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। ক্রেতাদের চলাচল যতই বাড়ছে, ততই বেড়ে চলছে যানজট। নগরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে। যানজটের কারণে নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিন দেখা গেছে, নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, দরগা মহল্লা, আম্বরখানা, মীরাবাজার, সোবহানীঘাট, ধোপাদীঘিরপার, উপশহর, যতরপুর, শিবগঞ্জ, সুবিদবাজার, পাঠানটোলা, কাজলশাহ, সুরমা মার্কেট, কালীঘাট, লালদীঘিরপার, তালতলাসহ অর্ধশতাধিক স্থানে প্রতিদিন যানজট তীব্র আকার ধারণ করছে। নগরবাসী বলছে, ঈদবাজারকে উপলক্ষ করে বিপুলসংখ্যক মানুষ নগরে চলাফেরা করায় যানজট আগের তুলনায় বেড়েছে। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত যানজটের কবলে পড়ছে মানুষজন। এতে করে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না নগরবাসী। অটোরিকশা চালক মইনুদ্দিন বলেন, ‘কিছুদিন আগেও যেখানে যেতে আধা ঘণ্টা সময় লাগত, এখন সেখানে যেতে কমপক্ষে দুই ঘণ্টা লাগছে।’ আম্বরখানা এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক হাসান আহমদ বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কাপড়চোপড় কিনতে বেরিয়েছি। আমার বাসা থেকে জিন্দাবাজার এলাকায় যেতে সময় লাগে ১৫ মিনিটের মতো। অথচ যানজটের কারণে প্রায় এক ঘণ্টা রিকশায় বসে আছি। অসহনীয় রোদে প্রাণ ছটফট করছে।’ মহানগর ট্রাফিক পুলিশ জানিয়েছে, নগরের রাস্তাঘাট অপ্রশস্ত হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করছে। এ ছাড়া ঈদুল ফিতর সামনে রেখে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা সড়কের একাংশ ও ফুটপাত দখল করায় যানজট বাড়ছে। এর বাইরে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে খানাখন্দ থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এতেও যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে জিন্দাবাজার এলাকায় কথা হয় একটি বেসরকারি মুঠোফোন কোম্পানিতে কর্মরত ইব্রাহিম আলীর সঙ্গে। তিনি জানান, এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঈদের কেনাকাটা করতে নগরের রায়নগর এলাকার বাসা থেকে বেরিয়েছেন বেলা ১১টায়। ১০ মিনিট দূরত্বের জিন্দাবাজার পৌঁছাতে তাঁর লেগেছে প্রায় পৌনে এক ঘণ্টা। এ ব্যাপারে সিলেট পুলিশের উপকমিশনার (ট্রাফিক) নূরে আলম প্রথম আলোকে বলেন, ‘যানজট নিরসনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা চালাছি। যানজট লাঘবে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিনে-রাতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দেওয়া হয়েছে।’