সিলেটে অসাম্প্রদায়িক চেতনায় কবিতা, নাটক, গানে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান, অলিগলি, শহীদ মিনার, পাড়া-মহল্লা, বিপণিবিতান, সুরমা নদীর পাড়—সব জায়গায় গান-নাচ-কবিতা-নাটক-আড্ডার জমজমাট আসর। ভোর থেকে উৎসব ছড়িয়ে পড়ে বন্দরবাজার, জিন্দাবাজার, ওসমানী মেডিকেল কলেজ, শহীদ মিনার এলাকা ছাড়িয়ে পুরো সিলেট নগরে। চারপাশে বৈশাখী গানের পাশাপাশি লালন, শাহ আবদুল করিম, রাধারমণসহ লোকশিল্পীদের গান। উপলক্ষ বাংলা নববর্ষ। এ আনন্দেই গত বৃহস্পতিবার মাতোয়ারা ছিল পুরো সিলেট শহর।বৈশাখের প্রথম দিনে সিলেট শহর সেজেছে অপরূপ সাজে, ভিন্নতা আর নতুনত্বে। নগরের কিন ব্রিজ এলাকা, শ্রীহট্ট সংস্কৃত কলেজ, ব্লু-বার্ড স্কুলমাঠ, মডেল স্কুলমাঠ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ল কলেজ, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ এলাকায় ছিল বড় পরিসরে বৈশাখী মেলার আয়োজন। এসব স্থানে ছিল শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের ভিড়।সকাল আটটায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রথম বৈশাখী শোভাযাত্রা হয়। বেলা ১১টায় ছিল সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে শোভাযাত্রা। এ ছাড়া উদীচী ও সোপানের উদ্যোগেও নগরে মঙ্গল শোভাযাত্রা হয়।সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে সকালে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের মাঠে শুরু হয় বৈশাখী উৎসব। এর উদ্বোধন করেন ঢাকার নজরুলসংগীতশিল্পী করিম শাহাবউদ্দিন। সন্ধ্যা সাতটায় শ্রুতি আয়োজিত উৎসব মঞ্চে আসেন সিলেটের প্রবীণ বাউল আবদুর রহমান। কণ্ঠের মাধুর্যে, নিজস্বতায় মুগ্ধ করেন শ্রোতাদের। এরপর বাউল বশিরউদ্দিন সরকারসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাউলেরা গান পরিবেশন করেন।সিলেট সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা চারটা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় প্রায় ২০টি সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন। শ্রীহট্ট সংস্কৃত কলেজের মাঠে আনন্দলোক সিলেট আয়োজিত দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানের উদ্বোধন হয় রবীন্দ্রসংগীতশিল্পী রানাকুমার সিনহার সূচনা বক্তব্যের মধ্য দিয়ে।নগরের কিন ব্রিজ এলাকায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। মেলা শেষ হবে আগামী সোমবার। সিলেট জেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় নগরের কাজী ইলিয়াস এলাকায় তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।সন্ধ্যায় যেন ভিড় আরও বাড়ে। মঞ্চে মঞ্চে কবিতা-গান-আড্ডা-নাটকে অসাম্প্রদায়িক চেতনা লালনের আহ্বান জানানো হয়। মধ্যরাত পর্যন্ত চলে এ উৎসব। অন্তহীন উচ্ছ্বাসে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঘরে ফিরে শহরবাসী।