সিলেটে অস্ত্রশস্ত্র নিয়ে অনুপ্রবেশের দায়ে চার ভারতীয়কে কারাদণ্ড
বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতের চার নাগরিককে ১৭ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক মো. জালালউদ্দিন আহাম্মদ পৃথক দুটি ধারায় এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ভারতের শিলংয়ের বাসিন্দা রবিন (৪৬), মিলন (১৯), অবার (২৬) ও স্টার ওরফে ইস্টার (৩৮)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৫ জুলাই ওই চারজন সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার খাড়া-বাল্লা সীমান্তের ১৩৪১ মেইন পিলারের দুই কিলোমিটার এপারে প্রবেশ করায় সিলেটে ২১ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর জওয়ানেরা তাঁদের আটক করেন। তাঁদের কাছ থেকে একে-৫৬ রাইফেল একটি, নাইন-এমএম পিস্তল দুটি, গ্রেনেড তিনটি, একে-৫৬ রাইফেল ও নাইন এমএম পিস্তলের ৬৪৪টি গুলিসহ অস্ত্র বহনের ব্যাগ, ব্যাটারি, টর্চলাইট এবং তিন হাজার ভারতীয় রুপি ও দুই হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় বিডিআরের নায়েক সুবেদার মো. আমির খসরু কানাইঘাট থানায় মামলা করেন। পরে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের সিলেট কারাগারে পাঠানো হয়। কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ও জামালউদ্দিন ভূঁইয়া যৌথভাবে মামলাটি তদন্ত করেন। ২০০৫ সালের ১৪ আগস্ট ওই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই সালের ১০ নভেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলার মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল পৃথক ধারায় চারজনের প্রত্যেককে ১০ বছর করে এবং সাত বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি হুমায়ূন কবীর ও আসামিপক্ষে ছিলেন এস এ খালেক।