সিলেটে অস্ত্রসহ শিবিরের দুই 'সাথি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সিলেটের সরকারদলীয় ছয় সাংসদকে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অস্ত্রসহ ইসলামী ছাত্রশিবিরের ‘সাথি’ পদমর্যাদার দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার দিবাগত রাত তিনটায় সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি রিভলবারও উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার সকালে সিলেট মহানগর পুলিশ দক্ষিণ সুরমা থানায় অস্ত্র আইনে মামলা করে দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হচ্ছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার গাংপাদ লোকুট গ্রামের ফয়জুর রহমান ওরফে আহবাব (২২) ও ময়মনসিংহ সদর উপজেলার চং ভাদেরা গ্রামের আবদুল মালেক ভূঁইয়া (১৮)। আহবাব সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ও মালেক ভূঁইয়া পলিটেকনিক্যাল কলেজের ছাত্র।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সরকার ওমর ফারুক প্রথম আলোকে জানান, শিবিরের কাগজপত্রে দুজন ‘সাথি’ (সর্বোচ্চ দলীয় পদ) হিসেবে পরিচিতি। মুঠোফোন নম্বরগুলো তাঁদের বলে জানালেও খুদে বার্তা পাঠানোর বিষয়ে কোনো তথ্য দেননি।