সিলেটে আ.লীগ প্রার্থীকে জাপার সমর্থন

সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টির সিলেট জেলা ও মহানগর শাখা। নির্বাচনের দুদিন আগে আজ শনিবার এই সমর্থন দিল মহাজোটের শরিক দলটি।
নগরের তেলিয়াহাওর এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনের আনুষ্ঠানিকভাবে এই সমর্থনের কথা জানান জাতীয় পার্টির নেতারা। দুপুর ১২টার দিকে এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, বদরউদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির সিলেট মহানগরের আহ্বায়ক ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান, জেলা পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইশরাফুল ইসলাম শামীম।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান লিখিত বক্তব্যে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে জেলা ও মহানগর জাতীয় পার্টি সিটি করপোরেশনের উন্নয়ন ও সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার জন্যই মহাজোটের শরিক দল আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়া হচ্ছে। আজ থেকে ২৭টি ওয়ার্ডে বিভিন্ন দলে ভাগ হয়ে জাতীয় পার্টির কর্মীরা প্রচার চালাবেন।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন প্রমুখ।