সিলেটে আ.লীগের সভায় বোমা হামলা মামলার অভিযোগ গঠন
সিলেটে সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জেবুন্নেসা হকের তাঁতিপাড়ার বাসায় মহিলা আওয়ামী লীগের সভা চলাকালে বোমা হামলার মামলার অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মঈদুল ইসলাম এ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় মামলার অভিযুক্ত নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত আগামী ২৩ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরুর তারিখ নির্ধারণ করেছেন।
আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর সাংসদ জেবুন্নেসা হকের তাঁতিপাড়ার বাসায় বোমা বিস্ফোরণ ঘটে। এতে জেবুন্নেসা হকসহ মহিলা আওয়ামী লীগের আটজন নেত্রী আহত হন। এ ঘটনায় জেবুন্নেসা হকের স্বামী এনামুল হক সিলেটের কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্ত করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক শামীম-উর-রশিদ ২০১১ সালের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নান, মফিজুল ইসলাম, মইনুদ্দিন শেখ, শরিফ শাহেদুল আলম, দেলওয়ার হোসেন ও হুমায়ুন কবীরকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে হিমু ছাড়া বাকি সব আসামি বর্তমানে কারাবন্দী রয়েছেন।